জয়পুরহাটের কালাই উপজেলার একডালা (নিশ্চিন্তা) এলাকায় অসামাজিক কার্যকলাপের অভিযোগে একটি বাড়িতে অভিযান চালিয়ে এক নারীসহ ৯ জনকে আটক করেছে কালাই থানা পুলিশ।
মঙ্গলবার (১৫ জুলাই) দুপুরে উপজেলার নিশ্চিন্তা বাজার এলাকার হাজী শাহজাহান আলীর বাড়িতে গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করা হয়।
এসময় অভিযানে আটক ব্যক্তিরা হলেন, কালাই উপজেলার একডালা (নিশ্চিন্তা) এলাকার বাড়ির মালিক হাজী শাহজাহান আলী (৫৫), দুরুঞ্জ এলাকার মেহেরুল ইসলাম (৩৫), ক্ষেতলাল উপজেলার মাহমুদপুর এলাকার আরমান হোসেন (৪৬), নিশ্চিন্তা বাজার এলাকার নেওয়াজ মোর্শেদ সোহাগ (২৮), আক্কেলপুর উপজেলার শিয়ালা এলাকার জামাল হোসেন (৫০), মিরাজ মণ্ডল (৪৫) ও আবুল হোসেন (৬০), পাঁচবিবি উপজেলার শনতাতীগড় এলাকার উজ্জ্বল হোসেন (৩৫), বগুড়ার দুপচাঁচিয়া উপজেলার রাশেদুল ইসলাম (৫০) এবং গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার হরিপুর এলাকার আসমা খাতুন (২৫)।
এ বিষয়ে স্থানীয় একাধিক বাসিন্দার সঙ্গে কথা বলে জানা যায়, হাজী শাহজাহান আলীর বাড়িতে দীর্ঘদিন ধরেই অসামাজিক কর্মকাণ্ড পরিচালিত হওয়ার অভিযোগ ছিল। এলাকাবাসীর দাবি, তিনি প্রকাশ্যে নামমাত্র পোল্ট্রি ব্যবসা পরিচালনা করলেও বাড়ির ভেতরে গোপনে এসব কার্যক্রম চালাত। বিষয়টি নিয়ে স্থানীয়দের মধ্যে দীর্ঘদিন ধরে ক্ষোভ বিরাজ করলেও নানা কারণে কেউ প্রকাশ্যে মুখ খুলতে সাহস পাননি। মঙ্গলবার পুলিশের অভিযানের পর ঘটনাটি এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করে। অভিযানের খবর ছড়িয়ে পড়লে উৎসুক মানুষ ঘটনাস্থলে ভিড় করেন। স্থানীয়রা অভিযুক্তদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক আইনগত ব্যবস্থা গ্রহণ এবং বাড়ির মালিকের কঠোর শাস্তির দাবি জানিয়েছেন। একই সঙ্গে ভবিষ্যতে যাতে এ ধরনের অসামাজিক কর্মকাণ্ড আর কোনো এলাকায় গড়ে উঠতে না পারে, সে জন্য প্রশাসনের নিয়মিত নজরদারি ও কঠোর পদক্ষেপ গ্রহণেরও দাবি জানান তারা।
তবে বাড়ির মালিক হাজী শাহজাহান আলী পুলিশ হেফাজতে থাকার কারণে স্থানীয়দের এসব অভিযোগের বিষয়ে তার বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।
কালাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে জানান, গোপন সংবাদের ভিত্তিতে ওই বাড়িতে অভিযান পরিচালনা করা হয়। অভিযানে অসামাজিক কার্যকলাপে জড়িত থাকার অভিযোগে এক নারীসহ ৯ জনকে আটক করা হয়েছে। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।

জয়পুরহাট প্রতিনিধি। জনতার কণ্ঠ.কম 




















