কুড়িগ্রাম পৌরসভার বিভিন্ন এলাকায় কাঁচা রাস্তা ও ওয়াবদা বাঁধের ক্ষতিগ্রস্ত অংশ সংস্কারকাজের উদ্বোধন করেছেন কুড়িগ্রাম জেলা পরিষদের প্রশাসক ও জেলা বিএনপির সদস্য সচিব আলহাজ্ব সোহেল হোসনাইন কায়কোবাদ।
শনিবার (১৮ জুলাই) তিনি কুড়িগ্রাম সদর উপজেলার পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডসহ একাধিক সুবিধাবঞ্চিত এলাকা পরিদর্শন করেন। এ সময় স্থানীয় মানুষের দীর্ঘদিনের যাতায়াত দুর্ভোগ লাঘবে কাঁচা রাস্তা এবং ওয়াবদা বাঁধের ভেঙে যাওয়া অংশ সংস্কারকাজের আনুষ্ঠানিক উদ্বোধন করেন।
উদ্বোধনের পর তিনি এলাকাবাসীর সঙ্গে মতবিনিময় করেন এবং তাদের বিভিন্ন সমস্যা ও চাহিদার কথা শোনেন। স্থানীয়দের জীবনমান উন্নয়ন ও নাগরিক দুর্ভোগ কমাতে প্রয়োজনীয় উন্নয়ন কার্যক্রম বাস্তবায়নের আশ্বাস দেন তিনি।
এ সময় উপস্থিত ছিলেন কুড়িগ্রাম জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক হাসিবুর রহমান হাসিব, কুড়িগ্রাম পৌরসভার সাবেক মেয়র আবু বক্কর সিদ্দিক, পৌর বিএনপির সদস্য সচিব আব্দুল আলিম, জেলা তাঁতিদলের সাধারণ সম্পাদক আতাউর রহমান আতা, সহ-সভাপতি লাভলু মিয়া, সহ-সাধারণ সম্পাদক শফিকুল ইসলামসহ বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।
অনুষ্ঠানে আলহাজ্ব সোহেল হোসনাইন কায়কোবাদ বলেন, “দরিদ্র ও অবহেলিত এলাকার উন্নয়ন কার্যক্রম ধারাবাহিকভাবে চলবে। মানুষের ভোগান্তি কমিয়ে এসব এলাকাকে বসবাসের উপযোগী করে গড়ে তুলতে আমরা কাজ করে যাব। উন্নয়নের মাধ্যমে দারিদ্র্যমুক্ত বাংলাদেশ গড়াই আমাদের লক্ষ্য।”

মো. কাজল ইসলাম, কুড়িগ্রাম প্রতিনিধি। জনতার কণ্ঠ.কম। 




















