তরুণ স্বেচ্ছাসেবীদের কার্যক্রম গতিশীল করা, মানবিক সেবা সম্প্রসারণ, প্রান্তিক ও দুস্থ মানুষের পাশে দাঁড়ানো এবং সামাজিক সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে কুড়িগ্রামে ভলান্টিয়ার ডেভেলপমেন্ট ফোরাম (VDF)-এর নতুন জেলা নির্বাহী কমিটি গঠন করা হয়েছে।
এর আগে সংগঠনটির পক্ষ থেকে কুড়িগ্রাম জেলা নির্বাহী কমিটির নির্বাচন আয়োজনের ঘোষণা দেওয়া হয়। কমিটিতে সাতটি পদ রাখা হয়। প্রতিটি পদে একক প্রার্থী থাকায় বিনা প্রতিদ্বন্দ্বিতায় সাতজনই নির্বাচিত হন। নির্বাচনে প্রত্যেক প্রার্থী ৩৭টি করে ভোট পেয়েছেন।

নবনির্বাচিত কমিটিতে সভাপতি পদে মো. সবুজ মিয়া, সহ-সভাপতি-১ (কৌশল ও পরিকল্পনা) পদে মোছা. অনন্যা খাতুন, সহ-সভাপতি-২ (কার্যক্রম ও পরিচালনা) পদে মো. হাবিবুর রহমান, সাধারণ সম্পাদক পদে মো. শরীফ আকন্দ, যুগ্ম সাধারণ সম্পাদক পদে মো. মিলন মিয়া, সাংগঠনিক সম্পাদক পদে মো. জাহিদ হাসান এবং কোষাধ্যক্ষ পদে মো. আহসান উল্লাহ আশিক নির্বাচিত হয়েছেন।
ভলান্টিয়ার ডেভেলপমেন্ট ফোরাম (VDF) একটি অরাজনৈতিক ও সেবামূলক স্বেচ্ছাসেবী সংগঠন। সংগঠনটি বিভিন্ন জেলায় সুবিধাবঞ্চিত, প্রান্তিক ও দুস্থ মানুষের পাশে দাঁড়ানোর পাশাপাশি সামাজিক সচেতনতা বৃদ্ধিতে কাজ করে আসছে। বিভিন্ন সময়ে বিভিন্ন এলাকায় ক্যাম্পেইনসহ নানা সামাজিক ও সহযোগিতামূলক কার্যক্রম পরিচালনা করে থাকে সংগঠনটি।
নবনির্বাচিত কমিটির সদস্যরা কুড়িগ্রামে স্বেচ্ছাসেবীদের দক্ষতা উন্নয়ন, নেতৃত্ব বিকাশ এবং কার্যকর সামাজিক উদ্যোগ বাস্তবায়নে গুরুত্ব দেওয়ার প্রত্যয় ব্যক্ত করেছেন।
নবনির্বাচিত সহ-সভাপতি-২ (কার্যক্রম ও পরিচালনা) মো. হাবিবুর রহমান বলেন, ‘আমরা ভলান্টিয়ারদের দক্ষতা বৃদ্ধির দিকে সবচেয়ে বেশি নজর দিতে চাই। প্রায় সব স্বেচ্ছাসেবী সংগঠনই মানবিক সেবা ও বিভিন্ন সামাজিক কর্মকাণ্ডে কাজ করে। আমরাও তার ব্যতিক্রম নই। তবে আমাদের লক্ষ্য হবে একজন স্বেচ্ছাসেবীকে শুধু মানবিক কাজে অংশগ্রহণকারী হিসেবে নয়, বরং একজন দক্ষ, দায়িত্বশীল ও নেতৃত্বদানে সক্ষম তরুণ হিসেবে গড়ে তোলা।’
তিনি আরও বলেন, ‘ভলান্টিয়ারদের জন্য নিয়মিত প্রশিক্ষণের ব্যবস্থা করা হবে। যোগাযোগ দক্ষতা, নেতৃত্ব, টিম ম্যানেজমেন্ট, প্রকল্প পরিকল্পনা ও বাস্তবায়ন, ফান্ডরেইজিং, পাবলিক স্পিকিং, ডিজিটাল দক্ষতা, দুর্যোগ মোকাবিলা ও জলবায়ু পরিবর্তনসহ বিভিন্ন বিষয়ে প্রশিক্ষণের সুযোগ তৈরি করতে চাই। একই সঙ্গে তরুণদের সামাজিক সমস্যা চিহ্নিত করে কার্যকর সমাধান তৈরির সক্ষমতা বাড়ানোর ওপরও গুরুত্ব দেওয়া হবে।’

মো. কাজল ইসলাম, কুড়িগ্রাম প্রতিনিধি। জনতার কণ্ঠ.কম। 




















