মুন্সীগঞ্জের গজারিয়ায় মাদকবিরোধী পৃথক অভিযানে ১০ কেজি গাঁজা ও ২ হাজার ৫০০ পিস ইয়াবাসহ দুইজনকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)।
শনিবার (১৫ আগস্ট) সন্ধ্যা ৬টা ১০ মিনিটে মুন্সীগঞ্জ জেলা গোয়েন্দা শাখার (ডিবি) অফিসার ইনচার্জ ইশতিয়াক আশফাক রাসেলের তত্ত্বাবধানে এসআই পলাশ কান্তি রায় সঙ্গীয় পুলিশ সদস্যদের নিয়ে গজারিয়া উপজেলার লস্করদী মধ্যপাড়া এলাকায় অভিযান পরিচালনা করেন।
অভিযানে লস্করদী মধ্যপাড়ায় আক্তার হোসেনের জায়গায় ভাড়ায় থাকা গ্যারেজের সামনের ফাঁকা স্থান থেকে মো. সাকিবুল হাসান (২৭) নামে এক যুবককে গ্রেপ্তার করা হয়। এ সময় তার কাছ থেকে ১০ কেজি গাঁজা ও ৮০০ পিস ইয়াবা উদ্ধার করা হয়।
পরে সাকিবুল হাসানকে জিজ্ঞাসাবাদে পাওয়া তথ্যের ভিত্তিতে গজারিয়া থানার পোড়াচক বাউশিয়া এলাকায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ঢাকাগামী লেনের পশ্চিম পাশে সালমানের দোকানের সামনে অভিযান চালানো হয়। সেখানে পাকা রাস্তার ওপর থেকে মো. মতিন (৫৫) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়। তার কাছ থেকে ১ হাজার ৭০০ পিস ইয়াবা উদ্ধার করা হয়।
গ্রেপ্তার সাকিবুল হাসান গজারিয়ার লস্করদী মধ্যপাড়ার মো. মনির হোসেনের ছেলে। অপর আসামি মতিন কুমিল্লার দাউদকান্দি উপজেলার দক্ষিণ সতান্দী এলাকার মৃত ধনু মিয়া বেপারীর ছেলে। পুলিশ জানিয়েছে, মতিনের বিরুদ্ধে এর আগে আরও তিনটি মামলা রয়েছে।
এ ঘটনায় গ্রেপ্তারদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

মো. দুলাল সরকার, গজারিয়া (মুন্সিগঞ্জ) প্রতিনিধি। জনতার কণ্ঠ.কম 




















