চট্টগ্রামে ডেঙ্গু আক্রান্ত হয়ে এক নারীর মৃত্যু হয়েছে। মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
ওই নারীর নাম ময়না আক্তার (৩০)। তিনি চট্টগ্রাম নগরীর বন্দর এলাকার বাসিন্দা।
চট্টগ্রাম সিভিল সার্জন কার্যালয় থেকে জানা যায়, এখনো পর্যন্ত চলতি মাসের মাত্র ৯ দিনেই ডেঙ্গু আক্রান্তের সংখ্যা ৫৮৫ জন। গত তিন-চার দিনের পরিসংখ্যান বলছে প্রতিদিন প্রায় ১০০ জনের কাছাকাছি ডেঙ্গুতে নতুন ভাবে আক্রান্ত হচ্ছে। চলতি মাসে এই নিয়ে মৃতের সংখ্যা দুজন এবং চলতি বছরে এখন পর্যন্ত ডেঙ্গুতে আক্রান্ত হয়েছে ২ হাজার ৬২১ জন।
চট্টগ্রাম জেলা সিভিল সার্জন ডা. মোহাম্মদ সাজেদুর রহমান বলেন, ‘ডেঙ্গু পজিটিভ হওয়ার পর ৬ সেপ্টেম্বর ময়না আক্তারকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। ময়না আক্তার ডেঙ্গু শক সিন্ড্রোম, সেপসিস ও অ্যাকিউট কিডনি ইনজুরিতে আক্রান্ত ছিলেন।’
এদিকে ডেঙ্গুর সংক্রমণ বাড়তে থাকায় মশার প্রজননস্থল ধ্বংস, জমে থাকা পানি অপসারণ এবং জ্বর দেখা দিলে দ্রুত চিকিৎসকের পরামর্শ নেওয়ার আহ্বান জানিয়েছে জেলা সিভিল সার্জন কার্যালয়।

ন্যাশনাল ডেস্ক। জনতার কণ্ঠ.কম 




















