জাহাজ বণ্টনসংক্রান্ত চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের (চবক) নির্দেশনা যথাযথভাবে পালন না করার অভিযোগে ৪টি শিপ হ্যান্ডলিং অপারেটরের লাইসেন্স ও তালিকাভুক্তি সাময়িকভাবে স্থগিত করেছে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ।
স্থগিত হওয়া প্রতিষ্ঠানগুলো হলো মেসার্স বাংলাদেশ ইন্টারন্যাশনাল শিপিং করপোরেশন, মেসার্স ইউনিয়ন ট্রেডার্স, মেসার্স প্যাসিফিক ইন্টারন্যাশনাল লিমিটেড এবং মেসার্স সি কোস্ট শিপিং অ্যান্ড ট্রেডিং লিমিটেড।
সোমবার (০৭ সেপ্টেম্বর) বন্দর কর্তৃপক্ষের পরিচালক (ট্র্যাফিক) স্বাক্ষরিত পৃথক দাপ্তরিক চিঠিতে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোকে লাইসেন্স ও তালিকাভুক্তি স্থগিতের বিষয়টি জানানো হয়েছে।

বন্দর কর্তৃপক্ষের সংশ্লিষ্ট নথি ও বোর্ড সভার সিদ্ধান্ত অনুযায়ী, জাহাজ বণ্টনের ক্ষেত্রে নির্ধারিত নির্দেশনা ও বিধিবিধান অনুসরণের জন্য প্রতিষ্ঠান ৪টিকে নির্দেশ দেওয়া হয়েছিল। কিন্তু তারা ওই নির্দেশনা যথাযথভাবে প্রতিপালন করেনি বলে কর্তৃপক্ষের নথিতে উল্লেখ করা হয়েছে।
কর্তৃপক্ষের ভাষ্য, জাহাজ বণ্টনসংক্রান্ত নির্দেশনা অমান্য করা ‘চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ শিপ হ্যান্ডলিং অপারেটর নীতিমালা-২০১৫’-এর অনুচ্ছেদ-গ-এর ৭.৪ ধারার সুস্পষ্ট ব্যত্যয়।
এ কারণে নীতিমালা অনুযায়ী ব্যবস্থা নেওয়ার সিদ্ধান্ত হয় বন্দর কর্তৃপক্ষের বোর্ড সভায়। গত ২৭ জুলাই অনুষ্ঠিত বোর্ড সভার সিদ্ধান্ত নম্বর-২০১৬৬ অনুযায়ী, যথাযথ কর্তৃপক্ষের নির্দেশক্রমে গত ৭ সেপ্টেম্বর চার প্রতিষ্ঠানের লাইসেন্স ও তালিকাভুক্তি সাময়িক স্থগিতের আদেশ জারি করা হয়।
বন্দর কর্তৃপক্ষের এ সিদ্ধান্তের অনুলিপি চট্টগ্রাম চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি, বাংলাদেশ শিপ হ্যান্ডলিং অ্যান্ড বার্থ অপারেটরস অ্যাসোসিয়েশন, বাংলাদেশ শিপিং এজেন্টস অ্যাসোসিয়েশনসহ সংশ্লিষ্ট বিভিন্ন দপ্তরে পাঠানো হয়েছে। প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্টদেরও বিষয়টি জানানো হয়েছে।

ন্যাশনাল ডেস্ক। জনতার কণ্ঠ.কম 




















