চাঁদাবাজি মামলায় সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব মো. আজাদ হোসেনসহ ৬ নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ।
রোববার (২৬ জুলাই) গভীর রাতে উল্লাপাড়া পৌর শহরের বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন, উল্লাপাড়া উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব ও সাবেক সাধারণ সম্পাদক মো. আজাদ হোসেন, উপজেলা শ্রমিকদলের সহ-সভাপতি মনতাজ আলী, যুবদল নেতা আশিক, রবিউল ইসলাম, শাহাদত হোসেন ও বিএনপি কর্মী আব্দুল মোমিন।
উল্লেখ্য, আজাদ হোসেন সিরাজগঞ্জ-৪ আসনে সংসদ সদস্য পদে বিএনপির মনোনয়ন চেয়ে বঞ্চিত হন। বর্তমানে তিনি উল্লাপাড়া পৌরসভার মেয়র পদে প্রার্থী হয়েছেন।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, পঞ্চক্রোশী ইউনিয়নের সাবেক চেয়ারম্যান এবং উপজেলা বিএনপির সাবেক সহ-সভাপতি জাহিদুল ইসলাম মিস্টার তার ওপর হামলা ও মারধোরের অভিযোগে গত ২৫ জুলাই থানায় মামলা দায়ের করেন। একই দিন মাটিকোড়া গ্রামের আলমগীর হোসেন বাদী হয়ে আজাদ হোসেন ও তার সহযোগীদের বিরুদ্ধে মামলা দায়ের করেন। এসব মামলায় উল্লাপাড়া থানা পুলিশ তাদের গ্রেপ্তার করে।
উল্লাপাড়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু ফাত্তাহ মো. মনিরুজ্জামান মন্ডল জানান, মারপিট ও চাঁদাবাজির দুটি মামলায় আজাদ হোসেনসহ ৬ নেতাকর্মীকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারকৃতদের আদালতে পাঠানোর প্রস্তুতি চলছে।

নিজস্ব প্রতিবেদক। জনতার কণ্ঠ.কম। 























One thought on “চাঁদাবাজির মামলায় উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিবসহ ৬ নেতাকর্মী গ্রেপ্তার”