চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ উপজেলার বালিয়াদিঘী গ্রামে মহানন্দা ব্যাটেলিয়ন ৫৯ বিজিবি’র অভিযানে ভারতীয় ট্রাকের বিভিন্ন ধরনের যন্ত্রাংশের বিশাল চালান জব্দ করা হয়েছে।
সীমান্ত এলাকায় চোরাচালান ও মাদকবিরোধী চলমান অভিযানের অংশ হিসেবে চাঁপাইনবাবগঞ্জ এর মহানন্দা ব্যাটালিয়ন (৫৯ বিজিবি)’র অধীনস্থ সোনামসজিদ বিওপির একটি টহল দল গোপন সংবাদের ভিত্তিতে ১ আগস্ট ২০২৬ সকাল ১০’৩০ টার দিকে ভারপ্রাপ্ত কোয়ার্টার মাস্টার এডি সেখ মনোয়ারুল ইসলাম এর নেতৃত্বে টহল দলটি সীমান্ত পিলার ১৮৫/২-এস হতে আনুমানিক ৮০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে শিবগঞ্জ উপজেলার শাহাবাজপুর ইউনিয়নের বালিয়াদিঘী গ্রামের তালতলায় জনৈক মামুন এন্টারপ্রাইজের গোডাউনের পশ্চিম পাশে অভিযান পরিচালনা করে। উক্ত অভিযানে টহলদল পরিত্যক্ত অবস্থায় ২৯১ পিস ভারত থেকে আমদানীকৃত ট্রাকের বিভিন্ন প্রকার যন্ত্রাংশ জব্দ করতে সক্ষম হয়। আটককৃত ট্রাকের যন্ত্রাংশগুলোর স্থানীয় বাজার মূল্য প্রায় ২৬ লক্ষ টাকা। এ রিপোর্ট লেখা পর্যন্ত জানা গেছে, বিজিবি’র পক্ষ হতে উক্ত যন্ত্রাংশগুলোর বিষয়ে আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম চলমান ছিল।
এ ব্যাপারে মহানন্দা ব্যাটালিয়ন (৫৯ বিজিবি) এর অধিনায়ক লেঃ কর্নেল মোহাম্মদ তাজুল ইসলাম চৌধুরী, এসজিপি, বিএফএম, পিএসসি বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন। তিনি বলেন, বিজিবি সকল প্রকার চোরাচালানের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি অনুসরণ করে নিরলসভাবে দায়িত্ব পালন করে যাচ্ছে এবং এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

মোহাম্মদ রবিউল ইসলাম, ভোলাহাট [চাঁপাইনবাবগঞ্জ] প্রতিনিধি। জনতার কণ্ঠ.কম 




















