জয়পুরহাট সদর উপজেলার ভুটিয়াপাড়া সীমান্ত দিয়ে ভারত থেকে বাংলাদেশে পুশইনের (অনুপ্রবেশ) আরও একটি চেষ্টা ব্যর্থ করে দিয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ও স্থানীয় গ্রামবাসী।
বিএসএফের পুশইনের শিকার হওয়া এক বৃদ্ধ ও দুই নারীসহ তিন ব্যক্তি বর্তমানে সীমান্তের শূন্যরেখায় অবস্থান করছেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে দুই দেশের সীমান্তরক্ষী বাহিনীর মধ্যে পতাকা বৈঠকের প্রস্তুতি চলছে।
শনিবার (১১ জুলাই) ভোররাতে ভুটিয়াপাড়া সীমান্তের পশ্চিম রামকৃষ্ণপুর এলাকার ২৭৫/৮ এস সাব-পিলার এলাকায় এই ঘটনা ঘটে।

স্থানীয় গ্রামবাসী ও বিজিবি সূত্রে জানা গেছে, আজ ভোররাতে সীমান্তের লাইট পোস্টের আলো নিভিয়ে দিয়ে ৫ জনকে জোরপূর্বক বাংলাদেশে প্রবেশ করানোর চেষ্টা করে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। বিষয়টি টের পেয়ে স্থানীয় গ্রামবাসীরা তাৎক্ষণিকভাবে প্রতিরোধ গড়ে তোলেন এবং ৩ জনকে আটকে রেখে বিজিবিকে খবর দেন। খবর পেয়ে বিজিবি সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে তাদের নিয়ন্ত্রণে নেন এবং সীমান্তের শূন্যরেখায় অবস্থান করান।
আটককৃতদের মধ্যে একজনের পরিচয় পাওয়া গেছে। তিনি নড়াইল জেলার বাসিন্দা বৃদ্ধ হাফিজুর রহমান (৬৫)। তবে তাঁর সঙ্গে থাকা অপর দুই নারীর পরিচয় এখনও নিশ্চিত হওয়া যায়নি।
স্থানীয় ধলাহার ইউনিয়ন পরিষদের সদস্য সফিকুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ভোরে বিএসএফ ৫ জনকে পুশইনের চেষ্টা করলে গ্রামবাসীরা তা প্রতিহত করে বিজিবিকে খবর দেয়। আটক ব্যক্তিদের দেওয়া তথ্যমতে, মোট পাঁচজনকে পুশইন করা হয়েছিল। এর মধ্যে ৩ জনকে আটক করা সম্ভব হলেও বাকি ২ জনের অবস্থান সম্পর্কে নিশ্চিত হওয়া যায়নি।
বর্তমানে বিজিবি ও বিএসএফ সদস্যরা ওই ৩ ব্যক্তিকে নিয়ে সীমান্তের শূন্যরেখায় অবস্থান করছেন এবং এলাকায় নজরদারি জোরদার করা হয়েছে।
এ বিষয়ে পত্নীতলা ১৪ বিজিবির সহকারী পরিচালক হাসানুর রহমান জানান, খবর পেয়ে আমরা দ্রুত ঘটনাস্থলে এসেছি। বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। অনুপ্রবেশের চেষ্টার বিষয়ে দুই পক্ষের মধ্যে আলোচনা ও পতাকা বৈঠকের প্রস্তুতি চলছে।

জয়পুরহাট প্রতিনিধি। জনতার কণ্ঠ.কম 




















