চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলায় ডাকাতির প্রস্তুতিকালে তিনজনকে আটক করেছে শিবগঞ্জ থানা পুলিশ। এ সময় তাদের কাছ থেকে একটি সিএনজিচালিত অটোরিকশা ও দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়েছে।
পুলিশ জানায়, জেলা পুলিশ সুপার গৌতম কুমার বিশ্বাসের সার্বিক দিকনির্দেশনায় মাদক, চোরাচালান, দস্যুতা প্রতিরোধ এবং ওয়ারেন্ট তামিল অভিযানের অংশ হিসেবে বৃহস্পতিবার (৩০ জুলাই) দিবাগত রাত আনুমানিক ১২টা ৪০ মিনিটে শিবগঞ্জ থানার এসআই (নিরস্ত্র) মো. সাহাদাত আলীর নেতৃত্বে পুলিশের একটি দল গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালায়।
অভিযানকালে শিবগঞ্জ উপজেলার মোবারকপুর ইউনিয়নের কানসাট-গোমস্তাপুর সড়কের মিনু বাজার এলাকায় ডাকাতির প্রস্তুতিকালে তিনজনকে হাতেনাতে আটক করা হয়।
আটকরা হলেন ভোলাহাট উপজেলার ছোট জামবাড়িয়া গ্রামের মো. রাসেল (২৭), শিবগঞ্জ উপজেলার দারিগাছা গ্রামের মো. রুবেল (২২) এবং পলাশবাড়ী আড়গাড়াহাট এলাকার মো. কানু ডাকাত ওরফে কালু ওরফে সোনদ্দী (৪৭)।
শিবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মতিউর রহমান জানান, আটককৃতদের কাছ থেকে একটি সিএনজিচালিত অটোরিকশা ও দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় শিবগঞ্জ থানায় নিয়মিত মামলা দায়ের করা হয়েছে। পরে আটক তিনজনকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।
জেলা পুলিশ সুপার গৌতম কুমার বিশ্বাস বলেন, “জননিরাপত্তা নিশ্চিতকরণ এবং অপরাধ দমনে চাঁপাইনবাবগঞ্জ জেলা পুলিশের অভিযান অব্যাহত থাকবে।”

মোহাম্মদ রবিউল ইসলাম, ভোলাহাট (চাঁপাইনবাবগঞ্জ) প্রতিনিধি। জনতার কণ্ঠ.কম 




















