সিরাজগঞ্জের তাড়াশ উপজেলায় ছাত্রদলসহ বিএনপির বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের উপস্থিতিতে এক আলোচনা সভা ও মিছিল অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (৩০ জানুয়ারি) জুমার নামাজ শেষে অনুষ্ঠিত আলোচনা সভায় উপস্থিত ছিলেন তাড়াশ উপজেলা ছাত্রদলের আহ্বায়ক মোহাম্মদ জাহিদ ফকির, সদস্য সচিব খন্দকার শাহাদাত হোসেন,তাড়াশ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ছানোয়ার হোসেন সাজু তাড়াশ উপজেলা বিএনপির সাবেক তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক,তাড়াশ পৌর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক গোলাম মোস্তফা ও সদস্য সচিব হাসান মির্জাসহ উপজেলা যুবদল, স্বেচ্ছাসেবক দল, ছাত্রদল ও বিভিন্ন ইউনিয়ন ছাত্রদলের নেতাকর্মীরা।
আলোচনা সভায় বক্তারা বলেন, সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করে আগামীর জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষের বিজয় নিশ্চিত করতে হবে। একই সঙ্গে দলীয় শৃঙ্খলা বজায় রেখে তৃণমূল পর্যায়ে সাংগঠনিক কার্যক্রম আরও জোরদার করার আহ্বান জানান তারা।
আলোচনা সভা শেষে একটি মিছিল তাড়াশ পাবলিক লাইব্রেরি থেকে শুরু হয়ে বাজার প্রদক্ষিণ করে আলেফ মোড় হয়ে তাড়াশ উপজেলা চত্বরে গিয়ে পৌঁছায়। পরে মিছিলটি পুনরায় তাড়াশ পাবলিক লাইব্রেরিতে এসে শেষ হয়। মিছিলে নেতাকর্মীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ ও স্লোগানে পুরো এলাকা মুখরিত হয়ে ওঠে।

তাড়াশ (সিরাজগঞ্জ) প্রতিনিধি। জনতার কণ্ঠ.কম 



















