প্রায় ১৯ বছরেরও বেশি সময় পরে উত্তরবঙ্গের প্রবেশদ্বার যমুনাপাড়ের জেলা সিরাজগঞ্জে আসছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। দীর্ঘদিন পর প্রিয় নেতাকে বরণ করে নি প্রস্তুত দলের হাজার হাজার নেতাকর্মীরা। প্রিয় নেতাকে একনজর দেখার জন্য এবং সরাসরি তার ভাষণ শোনার জন্য মুখিয়ে রয়েছে অসংখ্য নেতাকর্মী ও ভক্তরা।
জেলা বিএনপি সূত্র জানিয়েছে, শনিবার (৩১ জানুয়ারি) দুপুরের দিকে সিরাজগঞ্জ সদর উপজেলার কালিয়া হরিপুর ইউনিয়নে যমুনা নদীর পাড়ে প্রতিষ্ঠিত বিসিক শিল্প পার্কে এক বিশাল নির্বাচনি জনসভায় বক্তব্য রাখবনে তারেক রহমান। এ সময় তিনি সিরাজগঞ্জ ও পাবনা জেলার দলের মনোনীত সংসদ সদস্য প্রার্থীদের পরিচয় করিয়ে দেবেন।
তারেক রহমানের জনসভা সফল করতে দফায় দফায় প্রস্তুতি সভা করছে জেলা বিএনপি। ইতিমধ্যে বিসিক শিল্পপার্ক এলাকায় বিশাল আকৃতির মঞ্চ তৈরি করা হয়েছে। সিরাজগঞ্জ-২ আসনের সংসদ সদস্য প্রার্থী ও বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকু জনসভাস্থল পরিদর্শন করেছেন।
বিএনপির কেন্দ্রীয় নির্বাহী সদস্য, জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও জেলার ছয়টি আসনে নির্বাচন পরিচালনা কমিটির প্রধান সমন্বয়ক সাইদুর রহমান বাচ্চু বলেন, আমাদের প্রাণের স্পন্দন তারেক রহমান দীর্ঘদিন পর সিরাজগঞ্জে আসছেন। বিএনপি নেতাকর্মীদের মাঝে এক অন্য রকমের উৎসবের আমেজ বিরাজ করছে। প্রিয় নেতাকে দেখা ও তার বক্তব্য শোনার জন্য শুধু বিএনপিই নয় সকল শ্রেণীপেশার মানুষই উদগ্রীব হয়ে আছে।
জনসভাকে সফল করতে আমরা ব্যাপক প্রতিশ্রুতি নিয়েছি। এই জনসভায় রেকর্ডসংখ্যক মানুষ উপস্থিত হবে বলে আশা করেন তিনি।
এদিকে পুলিশ প্রশাসনের পক্ষ থেকে নেওয়া হয়েছে ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা। বিপুল সংখ্যক পুলিশ মোতায়েনের পাশাপাশি সাদা পোশাকধারী পুলিশও জনসভাস্থলে দায়িত্ব পালন করবে।
পুলিশ সুপার মো. সাইফুল ইসলাম সান্তু বলেন, একটি দলের প্রধানকে যে ধরণের নিরাপত্তা দেওয়া প্রয়োজন আমরা সে ধরণের নিরাপত্তা ব্যবস্থা রেখেছি।

নিজস্ব প্রতিবেদক। জনতার কণ্ঠ.কম 




















