বাগেরহাটের ফকিরহাটে নষ্ট গাড়ি মেরামতে সহায়তার জন্য মহাসড়কে সিগন্যাল দিতে গিয়ে অজ্ঞাত পরিবহনের ধাক্কায় মো. আফজাল হোসেন (২৭) নামের এক পিকআপভ্যান চালক নিহত হয়েছেন। মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) রাত ২টার দিকে খুলনা-ঢাকা মহাসড়কের ফকিরহাট উপজেলার কাকডাঙ্গা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত আফজাল হোসেন সাতক্ষীরার কলারোয়া উপজেলার গুপতিপুর গ্রামের মো. মনিরুল ইসলামের ছেলে।
পুলিশ জানায়, মঙ্গলবার রাত ২টার দিকে গোপালগঞ্জ থেকে পিকআপভ্যান চালিয়ে সাতক্ষীরার উদ্দেশ্যে রওনা হন আফজাল। পথে কাকডাঙ্গা এলাকায় পৌঁছালে তার পিকআপভ্যানটি যান্ত্রিক ত্রুটির কারণে বন্ধ হয়ে যায়। এ সময় গাড়িটি সড়কের পাশে থামিয়ে অন্য যানবাহনের সাহায্য পাওয়ার আশায় মহাসড়কে সিগন্যাল দিতে থাকেন তিনি। তখন দ্রুতগতির একটি অজ্ঞাত পরিবহন তাকে ধাক্কা দিয়ে পালিয়ে যায়।
খবর পেয়ে মোল্লাহাট হাইওয়ে থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে চিকিৎসক মো. আফজাল হোসেনকে মৃত ঘোষণা করেন।
মোল্লাহাট হাইওয়ে থানার ইনচার্জ এসআই মো. ইফসুব শেখ বিষয়টি নিশ্চিত করে বলেন, মরদেহ উদ্ধার করা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

ন্যাশনাল ডেস্ক। জনতার কণ্ঠ.কম 




















