চাঁপাইনবাবগঞ্জের নাচোলে একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পরিচালনা কমিটির বিরুদ্ধে করা অভিযোগের প্রতিবাদে পাল্টা মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (১২ আগস্ট) সকাল ১০টায় নাচোল উপজেলার ভাতসা সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন সড়কে স্থানীয় এলাকাবাসী, শিক্ষার্থী, অভিভাবক ও নবগঠিত পরিচালনা কমিটির সদস্যদের অংশগ্রহণে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
আয়োজকদের দাবি, ভাতসা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বৈধ ও আইনানুগভাবে গঠিত পরিচালনা কমিটির বিরুদ্ধে সম্প্রতি মিথ্যা ও ভিত্তিহীন অভিযোগ তুলে মানববন্ধন করা হয়েছে। এর প্রতিবাদেই তারা পাল্টা মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশের আয়োজন করেন।
মানববন্ধনে অভিভাবক মারুফা খাতুন, পরেশ মারডি, আল রায়হান, মোছা. সাথী ও কমিটির সদস্য বুলবুলি বেগমসহ স্থানীয়রা বক্তব্য দেন।
বক্তারা দাবি করেন, সরকারি পরিপত্র ও বিধি অনুযায়ী বিদ্যালয়ের পরিচালনা কমিটি গঠন করা হয়েছে। কিন্তু কমিটিতে সভাপতি পদে প্রার্থী হয়ে মাত্র এক ভোট পাওয়া শহিদুল ইসলাম রিপন মেয়াদ শেষ হওয়ার পরও কমিটির বিরুদ্ধে বিভিন্ন অভিযোগ তুলে গত ১১ আগস্ট মানববন্ধন করেন। এর প্রতিবাদে বুধবার স্থানীয় এলাকাবাসী, শিক্ষার্থী, অভিভাবক ও নবগঠিত কমিটির সদস্যরা এ কর্মসূচি পালন করেন।
ভাতসা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক খালেদা বেগম বলেন, ‘সরকারি বিধি অনুযায়ী বিদ্যালয়ের পরিচালনা কমিটি গঠন করা হয়েছে। আমার বিরুদ্ধে আনা অভিযোগের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।’
এ বিষয়ে নাচোল উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মজনু মিঞা বলেন, ‘সরকারি বিধি অনুযায়ী ভাতসা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পরিচালনা কমিটি গঠন করা হয়েছে। পরে কমিটির বিরুদ্ধে একটি অভিযোগ পাওয়া গেলে সহকারী শিক্ষা কর্মকর্তা মাকশুদুল হককে তদন্তের দায়িত্ব দেওয়া হয়। তদন্তে অভিযোগ প্রমাণিত না হওয়ায় নবগঠিত কমিটির বৈধতা নিশ্চিত করা হয়েছে।’
পাল্টাপাল্টি মানববন্ধনের বিষয়ে তিনি বলেন, বিষয়টি তিনি জেনেছেন। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের মতামত নিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

মো. হেলাল উদ্দীন, নাচোল (চাঁপাইনবাবগঞ্জ) প্রতিনিধি। জনতার কণ্ঠ.কম। 




















