নোয়াখালীর সুধারাম উপজেলায় জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের বিশেষ অভিযানে ১১ লিটার অ্যালকোহলসমৃদ্ধ বিয়ার ও ৩০ পিস ইয়াবা ট্যাবলেটসহ দুইজনকে আটক করা হয়েছে।
মঙ্গলবার (২৮ জুলাই) সন্ধ্যা ৭টা ১৫ মিনিটে গোপন সংবাদের ভিত্তিতে সুধারাম থানাধীন পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের লক্ষ্মীনারায়ণপুর এলাকার স্টেশন রোডে ইংলিশ কামালের বাড়ির নিচতলার একটি কক্ষে এ অভিযান পরিচালনা করা হয়।
জেলা গোয়েন্দা শাখা (ডিবি) সূত্রে জানা যায়, নোয়াখালীর পুলিশ সুপারের নির্দেশনায় এবং জেলা গোয়েন্দা শাখার ভারপ্রাপ্ত কর্মকর্তার (ওসি) সার্বিক তত্ত্বাবধানে এসআই (নিঃ) জাহাঙ্গীর আলমের নেতৃত্বে পুলিশের একটি দল ওই স্থানে অভিযান চালায়। এ সময় নিজাম উদ্দিন ওরফে আকিক আহাম্মেদ (৪৯) এবং মো. সাইফ উদ্দিন টিপু (৪৫)-কে আটক করা হয়।
পরে তাদের দেহ তল্লাশি করে ১১ লিটার অ্যালকোহলসমৃদ্ধ বিয়ার ও ৩০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
ডিবি পুলিশ জানিয়েছে, আটক দুইজনের বিরুদ্ধে সুধারাম মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চলমান রয়েছে।

মো.ইসমাইল হোসেন, নোয়াখালী ব্যুরো প্রধান। জনতার কণ্ঠ.কম 




















