চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার আলিমনগর ঘাট এলাকায় পদ্মা নদীতে একটি নৌকাডুবির ঘটনা ঘটেছে। দুর্ঘটনায় শিশুসহ ১০ জন যাত্রীকে জীবিত উদ্ধার করেছে ভারতের ৭১ ব্যাটালিয়নের খান্দুয়া ক্যাম্পের বিএসএফ। তবে মোস্তফা (৬০) নামের এক বৃদ্ধ এখনো নিখোঁজ রয়েছেন।
শনিবার (১২ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৫টার দিকে আলিমনগর ঘাট থেকে ১১ জন যাত্রী নিয়ে নৌকাটি নারায়ণপুরের উদ্দেশে রওনা দেয়। পদ্মা নদীর মাঝপথে নৌকাটি ডুবে গেলে নদীর ভারতীয় অংশে থাকা টহলরত বিএসএফ সদস্যরা দ্রুত স্পিডবোট নিয়ে ১০ জনকে উদ্ধার করে ক্যাম্পে নিয়ে যান।
উদ্ধার হওয়া ব্যক্তিরা হলেন— ২০ দিন বয়সী শিশু তানিসা, সওদাগর (৪০), ইব্রাহিম (৫০), রাসেল (২৬), সানাউল্লাহ (৯), আলামিন (৯), ইব্রাহিম (৬০), সখিনা (৪৫), নিলুফা (৩৫) ও তানিয়া (২২)। তাদের সবার বাড়ি সদর উপজেলার নারায়ণপুর ইউনিয়নের জোহরপুর টেক-বকরিপাড়া এলাকায়।
চাঁপাইনবাবগঞ্জ ব্যাটালিয়ন (৫৩ বিজিবি)-এর অধিনায়ক লে. কর্নেল কাজী মুস্তাফিজুর রহমান জানান, বিজিবি-বিএসএফ সার্বক্ষণিক যোগাযোগের পর রাতে কোম্পানি কমান্ডার পর্যায়ে পতাকা বৈঠকের মাধ্যমে উদ্ধারকৃত ১০ জনকে দেশে ফিরিয়ে আনা হয়। পরবর্তীতে স্থানীয় জনপ্রতিনিধিদের উপস্থিতিতে তাদের স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।

ন্যাশনাল ডেস্ক। জনতার কণ্ঠ.কম 




















