নরসিংদীর পলাশে ইটবোঝাই লরির ধাক্কায় সেলিম মিয়া (৩৫) নামে এক শ্রমিক নিহত হয়েছেন।
মঙ্গলবার (২৫ আগস্ট) সকালে উপজেলার ডাংগা ইউনিয়নের তেপোথা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত সেলিম মিয়া ডাংগা ইউনিয়নের সান্তানপাড়া গ্রামের মিয়াজিগাঁও এলাকার মৃত আয়ুব আলীর ছেলে। তিনি স্থানীয় প্রাণ-আরএফএল কোম্পানির চরকা টেক্সটাইল মিলের শ্রমিক ছিলেন।
পুলিশ ও স্থানীয়রা জানান, সকালে সেলিম মিয়া সাইকেলযোগে কর্মস্থলে যাওয়ার জন্য বাড়ি থেকে বের হন। সকাল সাড়ে ৭টার দিকে তিনি ডাংগা-পাঁচদোনা সড়কের তেপোথা এলাকায় পৌঁছালে একটি ইটবোঝাই লরি তাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
দুর্ঘটনার পর লরিটি সড়কের পাশে রেখে চালক পালিয়ে যান।
পলাশ থানার উপপরিদর্শক (এসআই) মামুন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, নিহতের মরদেহ ঘটনাস্থল থেকে উদ্ধার করা হয়েছে। পরিবারের আবেদনের পরিপ্রেক্ষিতে ময়নাতদন্ত ছাড়াই মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।

সাইফুল ইসলাম রুদ্র, নরসিংদী জেলা প্রতিনিধি। জনতার কণ্ঠ.কম। 




















