ন্যাশনাল ডেস্ক। জনতার কণ্ঠ.কম
পূর্ব শত্রুতার জের ধরে চুয়াডাঙ্গার জীবননগর উপজেলায় দুই সহদোর ভাইকে কুপিয়ে ও পিটিয়ে নির্মম হত্যার ঘটনা ঘটেছে।
নিহতরা হলেন, জীবননগর উপজেলার উথলী গ্রামের মাঝেরপাড়া এলাকার মৃত খোদা বক্স মণ্ডলের দুই ছেলে আনোয়ার (৫৫) ও হামজা (৪৫)।
শনিবার (২০ সেপ্টেম্বর) সকাল ১০টার দিকে উপজেলার উথলী গ্রামে এ হত্যাকাণ্ড ঘটে।
পুলিশ ও এলাকাবাসী সূত্র জানায়, গরু কেনাকে কেন্দ্র করে প্রতিবেশী প্রতিপক্ষের সঙ্গে দ্বন্দ্ব চলে আসছিল আনোয়ার ও হামজার। এরই জেরে শনিবার সকালে মাঠে কৃষিকাজ করার সময় ওই দুই ভাইয়ের ওপর দেশীয় অস্ত্র নিয়ে হামলা চালায় প্রতিপক্ষের লোকজন। সেখানে তাদের পিটিয়ে ও কুপিয়ে ফেলে রেখে যায় হামলাকারীরা।
স্থানীয় লোকজন তাদের রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নিয়ে যায়। হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় প্রথমে হামজা ও পরে আনোয়ারের মৃত্যু হয়।
সদর হাসপাতালের চিকিৎসক ডা. ওয়াহিদ মাহমুদ রবিন বলেন, দুজনকে কুপিয়ে ও পিটিয়ে হত্যা করা হয়েছে। একজন চিকিৎসাধীন অবস্থায় এবং একজন হাসপাতালে আসার আগেই মারা গেছেন।
জীবননগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মামুন হোসেন বিশ্বাস বলেন, ঘটনাস্থলে পুলিশের টিম পাঠানো হয়েছে। অভিযুক্তদের ধরতে পুলিশ অভিযান চালাচ্ছে।

রিপোর্টার: 

















