ঢাকার ধামরাইয়ে বংশী নদীতে ভাসমান অবস্থায় গলায় কলস এবং চোখ-মুখ বাঁধা ছাহেরা খাতুন (৫০) নামে এক নারীর গলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার (২১ আগস্ট) দিবাগত রাত আনুমানিক ১০টার দিকে ধামরাই সদর ইউনিয়নের হাজিপুর গুচ্ছগ্রাম সংলগ্ন বংশী নদী থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
শনিবার (২২ আগস্ট) সকালে বিষয়টি নিশ্চিত করেছেন ধামরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নাজমুল হুদা খান।
এর আগে, শুক্রবার দিবাগত রাত ১০টার দিকে ধামরাই সদর ইউনিয়নের হাজিপুর গুচ্ছ গ্রামের পাশ দিয়ে বয়ে যাওয়া বংশী নদী থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।
নিহত ছাহেরা খাতুন হাজিপুর আশ্রয়ন প্রকল্পের বাসিন্দা ও তিনি একই উপজেলার ভাড়ারিয়া ইউনিয়নের বাঙ্গালপাড়া গ্রামের মৃত ইসমাইল হোসেনের মেয়ে।
স্থানীয়রা জানায়, ধামরাই উপজেলার সদর ইউনিয়নের হাজিপুর গ্রামের পাশ দিয়ে বয়ে যাওয়া বংশী নদীতে একটি মরদেহ ভেসে যেতে দেখে এলাকার লোকজন ধামরাই থানা পুলিশকে খবর দেয়। পরে পুলিশ গিয়ে মরদেহটি উদ্ধার করে থানা নিয়ে আসে।
ধামরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নাজমুল হুদা খান বলেন, বংশী নদীতে একটি মরদেহ ভেসে যেতে দেখে এলাকাবাসী পুলিশকে খবর দেয়। পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে নদী থেকে চোখমুখ ও গলায় কলসি বাঁধা মরদেহটি উদ্ধার করে। শনিবার সকালে মরদেহের সুরতহাল প্রতিবেদন তৈরি করে ময়নাতদন্তের জন্য ঢাকায় সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে। রিপোর্ট এলে বিস্তারিত জানা যাবে।

ন্যাশনাল ডেস্ক। জনতার কণ্ঠ.কম। 




















