মুন্সীগঞ্জের লঞ্চঘাট এলাকায় গড়ে ওঠা অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান পরিচালনা করেছে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ)।
রোববার (২৩ আগস্ট) সকাল সাড়ে ৯টা থেকে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত মুন্সীগঞ্জ শহরের লঞ্চ ঘাটকে কেন্দ্র করে গড়ে ওঠা ছোট-বড় ৩২টি অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়। এরমধ্যে খাবার হোটেল, চায়ের দোকানসহ বিভিন্ন ব্যবসা-প্রতিষ্ঠান রয়েছে।
অভিযোগ রয়েছে, স্থানীয় প্রভাবশালীদের যোগসাজশে লঞ্চঘাটের প্রবেশমুখ ও আশপাশের জায়গা দখল করে এসব স্থাপনা গড়ে উঠেছিল।ৎ
তবে উচ্ছেদ অভিযানে ক্ষতিগ্রস্ত ক্ষুদ্র ব্যবসায়ীদের অভিযোগ, কোনো ধরনের আগাম নোটিশ ছাড়াই রোববার সকাল থেকে এ উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়। এতে ক্ষতিগ্রস্তদের মাঝে ক্ষোভ ছড়িয়ে পড়ে এবং উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হয়।
উচ্ছেদ অভিযানের বিষয়ে বিআইডব্লিউটিএ’র যুগ্ম পরিচালক মোস্তাফিজুর রহমান জানান, মুন্সীগঞ্জ লঞ্চঘাট এলাকায় এর আগেও উচ্ছেদ অভিযান পরিচালনা করে অবৈধ স্থাপনা গুঁড়িয়ে দেওয়া হয়। পুনরায় সেখানে অবৈধ স্থাপনা গড়ে ওঠায় সেগুলো গুঁড়িয়ে দেওয়ার উদ্যোগ গ্রহণ করা হয়।

ন্যাশনাল ডেস্ক। জনতার কণ্ঠ.কম। 




















