দিনাজপুরের ফুলবাড়ী ব্যাটালিয়ন (২৯ বিজিবি) পৃথক তিনটি অভিযান চালিয়ে ৩ লাখ ৩৬ হাজার ৪৫০ টাকা মূল্যের ভারতীয় নেশাজাতীয় ট্যাবলেট, বাংলাদেশি যৌন উত্তেজক সিরাপ ও বাংলা মদ তৈরির বড়ি জব্দ করেছে।
রোববার (১৬ আগস্ট) সন্ধ্যায় বিষয়টি নিশ্চিত করেন ফুলবাড়ী ব্যাটালিয়ন (২৯ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আরিফ-উজ্জামান।

বিজিবি সূত্রে জানা যায়, রোববার ফুলবাড়ী ব্যাটালিয়নের আওতাধীন অচিন্তপুর বিওপি, জলপাইতলী বিওপি ও কাটলা বিশেষ ক্যাম্পের সদস্যরা পৃথক তিনটি মাদক ও চোরাচালানবিরোধী অভিযান পরিচালনা করেন। অভিযানে বাংলাদেশের অভ্যন্তর থেকে ৬০০ পিস ভারতীয় নেশাজাতীয় ট্যাবলেট, ২৮৮ বোতল বাংলাদেশি যৌন উত্তেজক সিরাপ এবং ১৬ হাজার ৩৫০ পিস বাংলা মদ তৈরির বড়ি জব্দ করা হয়।
বিজিবি জানায়, জব্দকৃত মাদকদ্রব্য ও চোরাচালানি পণ্যের মোট সিজার মূল্য ৩ লাখ ৩৬ হাজার ৪৫০ টাকা।

ফুলবাড়ী ব্যাটালিয়ন (২৯ বিজিবি) জানিয়েছে, সীমান্তে মাদক ও চোরাচালান প্রতিরোধে নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে। ভবিষ্যতেও মাদকদ্রব্য ও অন্যান্য চোরাচালানি পণ্য জব্দের পাশাপাশি সংশ্লিষ্টদের আটক করতে বিজিবির অভিযান আরও দৃঢ়তা ও পেশাদারিত্বের সঙ্গে অব্যাহত থাকবে।

হাসান আলী, (হাকিমপুর), দিনাজপুর প্রতিনিধি। জনতার কণ্ঠ.কম। 




















