কক্সবাজারের টেকনাফে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)-এর অভিযানে ৪৮ ক্যান হান্টার বিয়ার ও একটি মোবাইল ফোন জব্দ করা হয়েছে। এ ঘটনায় মো. হাশিম (৫৬) নামে এক ব্যক্তিকে আটক করা হয়েছে।
বিজিবি জানায়, সীমান্ত সুরক্ষার পাশাপাশি মাদক, চোরাচালান ও অবৈধ পণ্য পাচার প্রতিরোধে নিয়মিত অভিযান পরিচালনার অংশ হিসেবে গত ২১ জুলাই রাত আনুমানিক ১০টা ১০ মিনিটে টেকনাফ ব্যাটালিয়ন (২ বিজিবি)-এর অধীন দমদমিয়া বিওপি চেকপোস্টে একটি বিশেষ তল্লাশি অভিযান পরিচালনা করা হয়।
এ সময় চট্টগ্রাম থেকে টেকনাফগামী পালকি পরিবহনের একটি যাত্রীবাহী বাস (নিবন্ধন নম্বর: কক্সবাজার-জ-১১-১৪৪৪) তল্লাশির জন্য থামানো হয়। তল্লাশিকালে বাসের পেছনের আসনে বসা এক যাত্রীর আচরণ সন্দেহজনক মনে হলে বিজিবি সদস্যরা তার আসন ও সঙ্গে থাকা একটি কালো ব্যাগ তল্লাশি করেন। একপর্যায়ে ব্যাগের ভেতর থেকে ৩০০ মিলিলিটারের ৪৮ ক্যান হান্টার বিয়ার উদ্ধার করা হয়। পরে অবৈধভাবে মাদকদ্রব্য বহনের অভিযোগে ওই যাত্রীকে আটক করা হয়।
আটক ব্যক্তি হলেন টেকনাফ উপজেলার কলেজপাড়া এলাকার মৃত জামাল হোসেনের ছেলে মো. হাশিম (৫৬)। তার কাছ থেকে একটি মোবাইল ফোনও জব্দ করা হয়েছে। উদ্ধার করা আলামতের আনুমানিক মূল্য ১৭ হাজার টাকা।
বিজিবি সূত্রে জানা গেছে, মো. হাশিম এর আগেও হান্টার বিয়ার বহনের অভিযোগে টেকনাফ ব্যাটালিয়নের হাতে আটক হয়েছিলেন। বর্তমানে তিনি ওই মামলায় আদালত থেকে জামিনে মুক্ত ছিলেন।
টেকনাফ ব্যাটালিয়ন (২ বিজিবি)-এর অধিনায়ক বলেন, “বিজিবি সীমান্ত সুরক্ষার পাশাপাশি মাদক, চোরাচালান, অবৈধ পণ্য পাচার এবং সীমান্ত এলাকায় সংঘটিত অন্যান্য অপরাধ প্রতিরোধে সর্বদা সতর্ক ও তৎপর রয়েছে। মাদক ও চোরাচালান দমনে গোয়েন্দা নজরদারি, নিয়মিত টহল, চেকপোস্টভিত্তিক তল্লাশি এবং বিশেষ অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।”
মোহাম্মদ হোসাইন, টেকনাফ (কক্সবাজার)
আটক ব্যক্তি ও জব্দকৃত আলামত নিয়মিত মামলার মাধ্যমে টেকনাফ মডেল থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলমান রয়েছে।

মোহাম্মদ হোসাইন, টেকনাফ (কক্সবাজার), প্রতিনিধি। জনতার কণ্ঠ.কম। 




















