“একটি ছবি হাজার শব্দের চেয়েও শক্তিশালী”— এই প্রতিপাদ্যকে সামনে রেখে বিশ্ব আলোকচিত্র দিবস উপলক্ষ্যে জয়পুরহাটে দিনব্যাপী ফটোগ্রাফি কর্মশালা, আলোকচিত্র প্রদর্শনী ও প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (১৯ আগস্ট) সকালে জয়পুরহাট সদর উপজেলা পরিষদ মিলনায়তনে ‘জয়পুরহাট ফটোগ্রাফার সোসাইটি’র উদ্যোগে এবং ‘বাংলাদেশ ফটোগ্রাফিক সোসাইটি’র সহ-আয়োজনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
দিনব্যাপী এ আয়োজনে জেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পর্যায়ের শিক্ষার্থীরা বিপুল উৎসাহ-উদ্দীপনা নিয়ে অংশগ্রহণ করে। প্রতিযোগিতায় জমা পড়া ছবিগুলো থেকে বিচারকমণ্ডলী সেরা ৫০টি আলোকচিত্র বাছাই করে প্রদর্শনী গ্যালারিতে উপস্থাপন করেন।
জয়পুরহাট ফটোগ্রাফার সোসাইটির সভাপতি মেজবাউল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জয়পুরহাটের জেলা প্রশাসক মো. আল-মামুন মিয়া। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহমুদুল হাসান, জয়পুরহাট প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শামীম কাদীর এবং এলিগেন্ট ইভেন্টসের সিইও মো. সালেহুর রহমান সজীব।
প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক মো. আল-মামুন মিয়া বলেন, “তরুণদের মেধা ও সৃজনশীলতা বিকাশে ফটোগ্রাফি অত্যন্ত কার্যকরী ভূমিকা পালন করে। এ ধরনের আয়োজন নতুন প্রজন্মকে ইতিবাচক কাজে উৎসাহিত করবে।” বক্তব্য শেষে তিনি প্রদর্শনী গ্যালারি ঘুরে দেখেন এবং তরুণ আলোকচিত্রীদের শিল্পকর্মের ভূয়সী প্রশংসা করেন।
আয়োজকরা জানান, আলোকচিত্র এখন কেবল শখ নয়, বরং আধুনিক দৃশ্যশিল্প ও পেশার অন্যতম মাধ্যম। একটি ফ্রেমের মাধ্যমেই সমাজের বাস্তব চিত্র ও ইতিহাসকে ধরে রাখা সম্ভব। নতুন প্রতিভাবান আলোকচিত্রীদের খুঁজে বের করতে এবং তরুণদের অনুপ্রাণিত করতে প্রতি বছর এ আয়োজন অব্যাহত রাখা হবে।
প্রতিযোগিতা শেষে স্কুল ও কলেজ— দুই বিভাগে বিজয়ীদের নাম ঘোষণা ও সম্মাননা প্রদান করা হয়। স্কুল পর্যায়ে নর্থ বেঙ্গল মডেল স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থী রাফিদ হাসান প্রথম ও রামদেও বাজলা সরকারি উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী আহনাফ হোসেন দ্বিতীয় স্থান অর্জন করে। কলেজ পর্যায়ে জয়পুরহাট সরকারি কলেজের শিক্ষার্থী মো. ময়নুল হোসেন সাদিক প্রথম ও একই কলেজের শিক্ষার্থী মেহজাবিন নাফিশা দ্বিতীয় স্থান অধিকার করে।
অনুষ্ঠানে জয়পুরহাট ফটোগ্রাফার সোসাইটির সদস্য সচিব দেবাশীষ, সদস্য বিপ্লব, রাফি, বাঁধন মন্ডল, জুলফিকার, বায়েজিদসহ সংগঠনের সদস্য, স্থানীয় সাংবাদিক ও তরুণ আলোকচিত্রীরা উপস্থিত ছিলেন।

মো. আমানুল্লাহ আমান, জয়পুরহাট প্রতিনিধি। জনতার কণ্ঠ.কম। 




















