চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাট উপজেলায় একটি পলিটেকনিক্যাল কলেজের পাশে বাবুল হোসেন (৩৫) নামে এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
রোববার (২৩ আগস্ট) রাতের কোনো একসময় উপজেলার মুসলিমপুর এলাকায় পল্লীমঙ্গল পলিটেকনিক্যাল কলেজের পাশে দুর্বৃত্তরা তাকে হত্যা করে মরদেহ ফেলে গেছে বলে স্থানীয়দের কাছ থেকে প্রাথমিকভাবে জানা গেছে।
স্থানীয় লোকজন মরদেহ পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেন। পরে ভোলাহাট থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে।
নিহত বাবুল হোসেন টাঙ্গাইল জেলার মধুপুর থানার কাশিনাথপুর গ্রামের মৃত মোরশেদ আলীর ছেলে।
পুলিশ জানিয়েছে, মরদেহ উদ্ধারের পর আইনগত প্রক্রিয়া শুরু হয়েছে। ঘটনার রহস্য উদ্ঘাটনে তদন্ত চলছে। হত্যাকাণ্ডের কারণ এবং জড়িতদের বিষয়ে তদন্ত শেষে বিস্তারিত জানা যাবে।

মোহাম্মদ রবিউল ইসলাম, ভোলাহাট (চাঁপাইনবাবগঞ্জ) প্রতিনিধি। জনতার কণ্ঠ.কম 




















