চাঁপাইনবাবগঞ্জ-২ আসনে বিএনপির মনোনীত প্রার্থী হাজী আমিনুল ইসলামের মনোনয়ন বাতিলের দাবীতে মশাল মিছিল ও সমাবেশে করেছে দলটি একাংশের নেতাকর্মীরা।
রোববার (২৩ নভেম্বর) সন্ধ্যা সাড়ে ৬টায় আম ফাউন্ডেশন থেকে একটি মশাল মিছিল বের হয়ে উপজেলা পরিষদের দক্ষিণ গেটে সমাবেশ অনুষ্ঠিত হয়। এ সময় “বয়কট, বয়কট, আমিনুল হাজি বয়কট” শ্লোগান দেয় নেতাকর্মীরা। মশাল মিছিলটি উপজেলা পরিষদের দক্ষিণের প্রধান গেটে গিয়ে এক বিক্ষোভ সমাবেশের মধ্য দিয়ে শেষ হয়।
বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখেন, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. আব্দুল হান্নান, উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি মো. সেলিম রেজা, বিএনপি নেতা মোঃ আব্দুল বারী, ডা. মোঃ শহীদুল্লাহ্, মো. মোক্তারুল ইসলাম, মো. সারোয়ার জাহানসহ অন্যান্য বিএনপি ও তার অংগ সংগঠনের নেতাকর্মীরা।
সমাবেশে বক্তারা বলেন, হাজি আমিনুল ইসলাম এমপি থাকাকালে নাচোল গোমস্তাপুর ও ভোলাহাটে গুটিকয়েক দালাল তৈরি করে লুটতরাজ করেছেন এবং দলে ভাঙ্গন সৃষ্টি করেছেন। তার মনোনয়ন বাতিল না করলে বিএনপি এ সংসদীয় আসন হারাবে।

ভোলাহাট (চাপাইনবাবগঞ্জ) প্রতিনিধি। জনতার কণ্ঠ.কম 




















