সিরাজগঞ্জ সদর উপজেলায় মাছ ধরার প্রলোভন দেখিয়ে আট বছরের এক শিশুকে যৌন নিপীড়নের অভিযোগ উঠেছে এক যুবকের বিরুদ্ধে। এ ঘটনায় মো. নাইম ইসলাম (২২) নামে ওই যুবকের বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা হয়েছে। মামলার পর পুলিশ তাকে গ্রেপ্তার করে আদালতে পাঠালে আদালত তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
অভিযুক্ত নাইম ইসলাম সদর উপজেলার কালিয়া হরিপুর ইউনিয়নের চুনিয়াহাটি গ্রামের মো. নান্টু মিয়ার ছেলে। ভুক্তভোগী শিশুটি স্থানীয় তেতুলিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থী।
মামলার এজাহার সূত্রে জানা যায়, গত ১৪ জুলাই দুপুর ২টার দিকে শিশুটি বাড়ির সামনে খেলছিল। এ সময় নাইম ইসলাম তাকে বেশি মাছ দেওয়ার প্রলোভন দেখিয়ে হাত ধরে বাড়ির পাশের একটি নির্জন স্থানে নিয়ে যান বলে অভিযোগ করা হয়েছে।
এজাহারে আরও উল্লেখ করা হয়, সেখানে ভয়ভীতি দেখিয়ে শিশুটিকে যৌন নিপীড়ন করা হয়। পরে রাতে শিশুটি শারীরিক অসুস্থতা ও যন্ত্রণায় কান্নাকাটি করলে তার মা বিষয়টি জানতে পারেন।
এরপর পরিবারের সদস্য ও স্থানীয়দের সঙ্গে আলোচনা করে শিশুটির মা মোছা. বিলকিস খাতুন বাদী হয়ে সিরাজগঞ্জ সদর থানায় মামলা করেন।
সিরাজগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাকিব হাসান জানান, অভিযোগ পাওয়ার পর মামলা গ্রহণ করে নাইম ইসলামকে গ্রেপ্তার করা হয়েছে। পরে তাকে আদালতে পাঠানো হয়।
সিরাজগঞ্জ সদর আদালতের জিআরও মো. জুয়েল রানা জানান, পুলিশ নাইম ইসলামকে গ্রেপ্তার করে আদালতে পাঠালে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেওয়া হয়। বর্তমানে তিনি কারাগারে রয়েছেন।
ঘটনার সুষ্ঠু তদন্ত করে দায়ীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন শিশুটির পরিবারের সদস্যরা।

সিরাজগঞ্জ প্রতিনিধি। জনতার কণ্ঠ.কম। 




















