জনতার কন্ঠ প্রতিবেদক:
সিরাজগঞ্জ ও কাজিপুর পয়েন্টে যমুনা নদীর পানি বৃদ্ধি অব্যাহত রয়েছে। তবে গত তিনদিনের চেয়ে পানি বৃদ্ধির হার অনেকটা কমেছে। ফুলজোড় ও করতোয়াসহ অভ্যন্তরীণ নদ-নদীর পানিও বেড়েছে। চরাঞ্চলের নিম্নভূমি তলিয়ে গেলেও বন্যার আশংকা দেখছে না পানি উন্নয়ন বোর্ড।
রোববার (১৭ আগষ্ট) সকালে সিরাজগঞ্জ হার্ড পয়েন্টে যমুনা নদীর পানির সমতল রেকর্ড করা হয়েছে ১২ দশমিক ৫৪ মিটার। গত ২৪ ঘণ্টায় ৭ সেন্টিমিটার বৃদ্ধি পেয়ে বিপৎসীমার ৩৬ মিটার নীচ দিয়ে প্রবাহিত হচ্ছে (বিপৎসীমা ১২.৯০ মিটার)।
অপরদিকে জেলার কাজিপুর মেঘাই পয়েন্টে পানির সমতল রেকর্ড করা হয়েছে ১৪ দশমিক ০৮ মিটার। ২৪ ঘন্টা ৪ সেন্টিমিটার বৃদ্ধি পেয়ে বিপৎসীমার ৭২ সেন্টিমিটার নীচ দিয়ে প্রবাহিত হচ্ছে (বিপৎসীমা ১৪.৮০ মিটার)।
সিরাজগঞ্জ পানি উন্নয়ন বোর্ডের উপ-বিভাগীয় প্রকৌশলী মো. নাজমুল হোসাইন বলেন, উজানে থেকে নেমে আসা পাহাড়ী ঢল ও ভারী বৃষ্টিপাতের কারণে যমুনার পানি বাড়ছে। ফলে চরাঞ্চলের নীচু জমিগুলো তলিয়ে গেছে। আরও একদিন পানি বাড়তে পারে। এরপর স্থির হয়ে কমতে থাকবে। এ দফায় বিপৎসীমার কাছাকাছি গেলেও অতিক্রম করার সম্ভাবনা নেই। নেই বন্যার সম্ভাবনাও।

রিপোর্টার: 

















