সিরাজগঞ্জের সলঙ্গায় যাত্রীবাহী বাসের মধ্যে মো. দুলাল হোসেন (৬৮) নামে এক বৃদ্ধের কাছ থেকে ৯৬০ পিস নেশাজাতীয় বুপ্রেনরফিন ইনজেকশন উদ্ধার করেছে র্যাব-১২ সদস্যরা।
রোববার (১৫ ফেব্রুয়ারি) দুপুরে সলঙ্গা থানার হাটিকুমরুল হোটেল নিউ মায়ের আঁচলের সামনে বগুড়া-ঢাকা মহাসড়কে এ অভিযান চালায় র্যাুব। এ সময় বৃদ্ধ দুলাল হোসেনকে গ্রেপ্তার করা হয়। তিনি জয়পুরহাট জেলার পাঁচবিবি থানার উত্তর গোপালপুর গ্রামের মৃত বাহার আলীর ছেলে।
র্যাব-১২ সিরাজগঞ্জ ক্যাম্পের ভারপ্রাপ্ত কমান্ডার সহকারি পুলিশ সুপার মো. উসমান গনি এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছেন।
সংবাদ বিজ্ঞপ্তিতে তিনি উল্লেখ করেন, গ্রেপ্তার আসামি দীর্ঘদিন ধরে সিরাজগঞ্জ জেলাসহ দেশের বিভিন্ন জেলায় তার ব্যবহৃত মোবাইল ফোনে যোগাযোগের মাধ্যমে নেশাজাতীয় বুপ্রেনরফিন ইনজেকশন ক্রয়-বিক্রয় করে আসছিল।
এ ঘটনায় মামলা দায়েরের পর তাকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

নিজস্ব প্রতিবেদক। জনতার কণ্ঠ.কম 



















