নিজস্ব প্রতিবেদক। জনতার কণ্ঠ.কম
সিরাজগঞ্জের শাহজাদপুরের কৃতি সন্তান বিশিষ্ট রবীন্দ্র গবেষক, শিক্ষাবিদ, সাহিত্যিক ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব প্রফেসর নাছিমউদ্দিন মালিথা’র পঞ্চম মৃত্যুবার্ষিকী শুক্রবার (১০ অক্টোবর)। ২০২০ সালের ১০ অক্টোবর মহামারী কোভিড-১৯ ভাইরাস আক্রান্ত হয়ে ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতাল সিএমএইচে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।
তাঁর ৫ম মৃত্যুবার্ষিকী উপলক্ষে শুক্রবার বিভিন্ন কর্মসূচির আয়োজন করা হয়েছে। এর মধ্যে শাহজাদপুর সচেতন নাগরিক ফোরামের উদ্যোগে সকাল ১০টায় উপজেলা শহীদ স্মৃতি সম্মেলন কক্ষে স্মরণসভা অনুষ্ঠিত হবে। এছাড়াও পরিবারের পক্ষ থেকে বাদ আসর ওয়ারেসিয়া কবরস্থান ঈদগাঁ মাঠে মরহুমের আত্মার শান্তি কামনায় দোয়া করা হবে। মৃত্যুবার্ষিকী উপলক্ষে প্রফেসর নাছিমউদ্দিন মালিথা’র জন্মস্থান রাজশাহীর বাঘা উপজেলার পাকুড়িয়া গ্রামে মালিথা বাড়ি জামে মসজিদেও দোয়ার আয়োজন করা হয়েছে।
বাংলা সাহিত্যের অধ্যাপক হিসেবে দেশের স্বনামধন্য বিভিন্ন কলেজে শিক্ষকতা করেছেন প্রফেসর নাছিমউদ্দিন মালিথা। মূলত রবীন্দ্র গবেষক হিসেবে কাজ করলেও লিখেছেন অনেক কবিতা এবং গবেষণামূলক প্রবন্ধ গ্রন্থ। আমৃত্যু তিনি বিভিন্ন সামাজিক এবং সাংস্কৃতিক কর্মকাণ্ডের সাথে নিজেকে সম্পৃক্ত রেখেছেন। সিরাজগঞ্জ জেলার শাহজাদপুরের রবীন্দ্র বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার অন্যতম স্বপ্নদ্রষ্টা এবং উদ্যোক্তা ছিলেন তিনি।

রিপোর্টার: 




















