রবীন্দ্র বিশ্ববিদ্যালয়, বাংলাদেশে নতুন উপ-উপাচার্য (প্রো-ভাইস চ্যান্সেলর) ও ট্রেজারার নিয়োগ দিয়েছে সরকার। শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের জারি করা পৃথক দুটি প্রজ্ঞাপনের মাধ্যমে এ নিয়োগ দেওয়া হয়।
সোমবার (২৭ জুলাই) জারি করা প্রজ্ঞাপন অনুযায়ী, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের লোকসংস্কৃতি ও সমাজ উন্নয়ন অধ্যয়ন বিভাগের অধ্যাপক ড. মো. জাহাঙ্গীর হোসেন-কে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।
অপর প্রজ্ঞাপনে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ডিপার্টমেন্ট অব পেইন্টিং, ওরিয়েন্টাল আর্ট অ্যান্ড প্রিন্টমেকিং বিভাগের অধ্যাপক ড. মো. আবদুস সোবাহান-কে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (প্রো-ভাইস চ্যান্সেলর) হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।
প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে, তাঁদের নিয়োগ যোগদানের তারিখ থেকে চার বছর অথবা অবসর গ্রহণের নির্ধারিত তারিখ—যেটি আগে ঘটবে, সে সময় পর্যন্ত কার্যকর থাকবে। দায়িত্ব পালনকালে তাঁরা নিজ নিজ বর্তমান পদের সমপরিমাণ বেতন-ভাতা গ্রহণ করবেন এবং প্রচলিত বিধি অনুযায়ী অন্যান্য সুযোগ-সুবিধা ভোগ করবেন।
এছাড়া, বিশ্ববিদ্যালয়ের আইন, সংবিধি ও বিধিবিধান অনুযায়ী অর্পিত দায়িত্ব নিষ্ঠার সঙ্গে পালন করতে হবে এবং সার্বক্ষণিকভাবে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে অবস্থান করতে হবে বলে প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে।
বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক কার্যক্রমকে আরও গতিশীল, সুশৃঙ্খল ও কার্যকর করতে নতুন উপ-উপাচার্য ও ট্রেজারারের এই নিয়োগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে সংশ্লিষ্ট মহল মনে করছে। তাঁদের নেতৃত্বে শিক্ষা, গবেষণা, প্রশাসনিক দক্ষতা ও আর্থিক ব্যবস্থাপনায় ইতিবাচক পরিবর্তন আসবে বলেও প্রত্যাশা করা হচ্ছে।

কাওছার আলী, রবীন্দ্র বিশ্ববিদ্যালয় প্রতিনিধি। জনতার কন্ঠ.কম 




















