নরসিংদীর রায়পুরা উপজেলার মরজাল বাসস্ট্যান্ড ও বাজার এলাকায় ঢাকা থেকে ছিনতাই করে আনা একটি লেগুনা বিক্রির চেষ্টাকালে তিন যুবককে আটক করেছে স্থানীয় জনতা। পরে তাদের রায়পুরা থানা পুলিশের কাছে সোপর্দ করা হয়।
বুধবার (১২ আগস্ট ২০২৬) সকালে মরজাল বাজার পরিচালনা কমিটির সভাপতি শুক্কুর মিলিটারি ও স্থানীয় ব্যবসায়ীদের তৎপরতায় তাদের আটক করা হয়।
আটকরা হলেন—সোহেল (১৮), নাহিদ (২৫) ও সোলাইমান (২২)।
বাজার কমিটি ও স্থানীয় সূত্রে জানা যায়, সকালে ওই তিন যুবক একটি লেগুনা নিয়ে মরজাল বাজার এলাকায় বিক্রির উদ্দেশ্যে আসে। গাড়িটির গতিবিধি ও তাদের কথাবার্তায় স্থানীয়দের সন্দেহ হলে মরজাল বাজার পরিচালনা কমিটির সভাপতি শুক্কুর মিলিটারি তাদের জিজ্ঞাসাবাদ করেন।
এ সময় গাড়িটির বৈধ কাগজপত্র দেখতে চাইলে তারা সঠিক কোনো কাগজপত্র দেখাতে পারেননি। এতে সন্দেহ আরও ঘনীভূত হয়। পরে স্থানীয়দের জিজ্ঞাসাবাদের একপর্যায়ে তারা গাড়িটি ঢাকা থেকে ছিনতাই করে বিক্রির উদ্দেশ্যে মরজালে নিয়ে আসার কথা স্বীকার করেছে বলে স্থানীয়রা দাবি করেন।
তাদের কাছে কোনো অস্ত্র পাওয়া যায়নি বলে জানা গেছে।
পরে খবর পেয়ে রায়পুরা থানা পুলিশের একটি দল ঘটনাস্থলে পৌঁছে তিন যুবককে লেগুনাসহ আটক করে থানায় নিয়ে যায়। পুলিশ উত্তেজিত জনতার হাত থেকে তাদের নিরাপদে উদ্ধার করে।
ঘটনাস্থলে উপস্থিত সংবাদকর্মীকে বিষয়টি নিশ্চিত করে রায়পুরা থানার উপপরিদর্শক (এসআই) শাহজাহান জানান, আটক তিন যুবকের বিরুদ্ধে গাড়ি ছিনতাইয়ের অভিযোগে আইনগত ব্যবস্থা নেওয়ার প্রস্তুতি চলছে। একই সঙ্গে লেগুনাটির প্রকৃত মালিকের সন্ধান ও গাড়িটি কোথা থেকে ছিনতাই করা হয়েছে, তা তদন্ত করে দেখা হচ্ছে।
পুলিশের তদন্তের পরই ছিনতাইয়ের ঘটনার বিস্তারিত তথ্য জানা যাবে বলে জানিয়েছে সংশ্লিষ্টরা।

সাইফুল ইসলাম রুদ্র, নরসিংদী জেলা প্রতিনিধি। জনতার কণ্ঠ.কম। 




















