ঐতিহ্যবাহী বাউশিয়া মোহাম্মদ আব্দুল আজহার উচ্চ বিদ্যালয়ে দশম শ্রেণির শিক্ষার্থীদের প্রাক-নির্বাচনী পরীক্ষার ফলাফল প্রকাশ উপলক্ষে “শিক্ষার মানোন্নয়ন শীর্ষক মতবিনিময় সভা” অনুষ্ঠিত হয়েছে।
রোববার (২৭ জুলাই) বিদ্যালয়ের মিলনায়তনে আয়োজিত এ সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গজারিয়া উপজেলার সহকারী কমিশনার (ভূমি) হামিদা মোস্তফা।
অনুষ্ঠানে বিদ্যালয়ের প্রধান শিক্ষক, শিক্ষক-শিক্ষিকা, পরিচালনা কমিটির সদস্যবৃন্দ, দশম শ্রেণির শিক্ষার্থী এবং বিপুলসংখ্যক অভিভাবক অংশগ্রহণ করেন।
সভায় প্রাক-নির্বাচনী পরীক্ষার ফলাফল বিস্তারিতভাবে উপস্থাপন ও পর্যালোচনা করা হয়। বিষয়ভিত্তিক ফলাফল বিশ্লেষণের মাধ্যমে যেসব শিক্ষার্থী কাঙ্ক্ষিত ফল অর্জন করতে পারেনি, তাদের জন্য বিশেষ তত্ত্বাবধানে অতিরিক্ত ক্লাস, নিয়মিত মূল্যায়ন এবং নিবিড় একাডেমিক সহায়তা প্রদানের সিদ্ধান্ত নেওয়া হয়।
প্রধান অতিথি হামিদা মোস্তফা বলেন, “নিয়মিত অধ্যবসায়, সময়ের সঠিক ব্যবহার এবং আত্মবিশ্বাসই একজন শিক্ষার্থীকে কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছে দিতে পারে।” তিনি বিদ্যালয় কর্তৃপক্ষের এ উদ্যোগের প্রশংসা করেন এবং আসন্ন এসএসসি পরীক্ষায় ভালো ফলাফল অর্জনের লক্ষ্যে শিক্ষার্থীদের সর্বোচ্চ আন্তরিকতা ও নিষ্ঠার সঙ্গে প্রস্তুতি নেওয়ার আহ্বান জানান।
সভায় উপস্থিত অভিভাবকরা বিদ্যালয় কর্তৃপক্ষের এ সময়োপযোগী উদ্যোগকে স্বাগত জানান। তারা শিক্ষার্থীদের শিক্ষার মানোন্নয়ন ও সফলতা নিশ্চিত করতে বিদ্যালয়ের সঙ্গে সমন্বিতভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।

গজারিয়া (মুন্সীগঞ্জ) প্রতিনিধি। জনতার কণ্ঠ.কম। 




















