চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ সীমান্তে পৃথক দুটি বিশেষ অভিযানে ১২৮ পিস ভারতীয় মাদকদ্রব্য, একটি মোটরসাইকেল ও একটি মোবাইল ফোন জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এ সময় এক চোরাকারবারিকে আটক করা হয়েছে।
রোববার (২ আগস্ট) সন্ধ্যায় মহানন্দা ব্যাটালিয়ন (৫৯ বিজিবি) ও চাঁপাইনবাবগঞ্জ ব্যাটালিয়ন (৫৩ বিজিবি) পৃথক এসব অভিযান পরিচালনা করে।
বিজিবি সূত্রে জানা যায়, সন্ধ্যা সাড়ে ৬টার দিকে মহানন্দা ব্যাটালিয়নের (৫৯ বিজিবি) অধীন চকপাড়া বিওপির একটি বিশেষ টহল দল আন্তর্জাতিক সীমারেখার ১৮৪ নম্বর মেইন পিলার থেকে প্রায় ৫ কিলোমিটার বাংলাদেশের অভ্যন্তরে শিবগঞ্জ উপজেলার শাহাবাজপুর ইউনিয়নের ফতেপুর গ্রামে অভিযান চালায়। এ সময় কেতাবুদ্দিনের ছেলে আব্দুস সালাম (৪০)-কে ৩০ পিস ইয়াবাসহ আটক করা হয়। তার ব্যবহৃত একটি মোটরসাইকেল ও একটি মোবাইল ফোনও জব্দ করা হয়।
অন্যদিকে, একই দিন সন্ধ্যা ৭টা ২০ মিনিটে চাঁপাইনবাবগঞ্জ ব্যাটালিয়নের (৫৩ বিজিবি) অধীন মনাকষা বিওপির একটি বিশেষ টহল দল দুর্লভপুর ইউনিয়নের মনোহরপুর গ্রামে অভিযান চালিয়ে ৯৮ বোতল ভারতীয় নেশাজাতীয় স্কাফ সিরাপ জব্দ করে। তবে এ ঘটনায় কাউকে আটক করা সম্ভব হয়নি।
মহানন্দা ব্যাটালিয়নের (৫৯ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ তাজুল ইসলাম চৌধুরী, এসজিপি, বিএফএম, পিএসসি পৃথক অভিযানের বিষয়টি নিশ্চিত করেছেন।

মোহাম্মদ রবিউল ইসলাম, ভোলাহাট (চাঁপাইনবাবগঞ্জ) প্রতিনিধি। জনতার কণ্ঠ.কম 




















