চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ সীমান্তে অভিযান চালিয়ে ২৫ লাখ টাকা মূল্যের ভারতীয় ট্রাকের বিভিন্ন যন্ত্রাংশ জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
মঙ্গলবার (২৫ আগস্ট) ভোর ৫টার দিকে মহানন্দা ব্যাটালিয়ন (৫৯ বিজিবি) অধীন সোনামসজিদ বিওপির একটি বিশেষ টহল দল এ অভিযান চালায়।
বিজিবি সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে সীমান্ত পিলার ১৮৪/২-এস থেকে প্রায় দুই কিলোমিটার বাংলাদেশের অভ্যন্তরে শিবগঞ্জ উপজেলার শাহাবাজপুর ইউনিয়নের কয়লাবাড়ী ট্রাক টার্মিনাল এলাকায় অভিযান পরিচালনা করা হয়। এ সময় মালিকবিহীন অবস্থায় ২০০ পিস ভারতীয় ট্রাকের বিভিন্ন ধরনের যন্ত্রাংশ জব্দ করা হয়। জব্দ করা যন্ত্রাংশগুলোর আনুমানিক বাজারমূল্য ২৫ লাখ টাকা।
বিজিবি জানায়, জব্দ করা যন্ত্রাংশের বিষয়ে আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম চলমান রয়েছে।
এর আগে, গত ১ আগস্ট শিবগঞ্জ উপজেলার শাহাবাজপুর ইউনিয়নের বালিয়াদিঘী এলাকার তালতলায় মামুন এন্টারপ্রাইজের গোডাউনের পাশে অভিযান চালিয়ে ২৯১ পিস ভারতীয় ট্রাকের বিভিন্ন যন্ত্রাংশ জব্দ করেছিল ৫৯ বিজিবি।
৫৯ মহানন্দা ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ তাজুল ইসলাম চৌধুরী, এসজিপি, বিএফএম, পিএসসি বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন।
তিনি বলেন, ‘বিজিবি সব ধরনের চোরাচালানের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি অনুসরণ করে দায়িত্ব পালন করছে। এ ধরনের অভিযান আগামীতেও অব্যাহত থাকবে।’

মোহাম্মদ রবিউল ইসলাম, ভোলাহাট (চাঁপাইনবাবগঞ্জ) প্রতিনিধি। জনতার কণ্ঠ.কম 




















