জনতার কন্ঠ প্রতিবেদক:
সিরাজগঞ্জ-৩ (রায়গঞ্জ-তাড়াশ-সলঙ্গা) সংসদীয় আসনে বিএনপি মনোনয়ন প্রত্যাশী তাড়াশ উপজেলা বিএনপির সাবেক সভাপতি মো. আফসার আলীর মোটর সাইকেল শোভাযাত্রায় গিয়ে ইমরান (১২) নামে এক স্কুলছাত্র গুরুতর আহত হয়েছে। তবে বিএনপি নেতা আফসার আলী অস্বীকার বলেন, আহত ওই স্কুলছাত্র আমার শোভাযাত্রায় ছিল না।
সোমবার (১৮ অক্টোবর) বেলা সাড়ে ১২টার দিকে মহিষলুটি-নওগাঁ সড়কের খুঁটিগাছা নামক স্থানে এই দূর্ঘটনা ঘটে। আহত ইমরান তাড়াশ পৌর এলাকার মঙ্গলবাড়িয়া গ্রামের শহিদুলের ছেলে ও মঙ্গলবাড়িয়া প্রাথমিক বিদ্যালয়ের ৫ম শ্রেণীর ছাত্র। তাকে আশংকাজনক অবস্থায় বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
এ বিষয়ে নাজমুল হক মেহেদী নামে এক ছাত্রদল নেতা তার ফেসবুক পোস্টে বিএনপি নেতা আফসার আলীর শোডাউন থেকে এই দূর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি তার পোস্টে ওই স্কুলছাত্রের মৃত্যুর কথা লিখে শোক প্রকাশ করেছেন। তবে শেষ খাবার খাওয়া পর্যন্ত বগুড়া জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে স্কুলছাত্র ইমরান।
স্কুলছাত্রের চাচা আমিরুল বলেন, ইমরান মোটর সাইকেল নিয়ে বিএনপি নেতা আফসার আলীর র্যালীতে যাচ্ছিল। যাওয়ার পথে ট্রাকচাপায় গুরুতর আহত হয় ইমরান। তাকে বগুড়া জিয়া মেডিকেলে ভর্তি করা হয়েছে। তার অবস্থা ভালো নয়।
তাড়াশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জিয়াউল হক বলেন, ইমরান নামের এক স্কুলছাত্র মোটর সাইকেল দূর্ঘটনায় আহত হয়েছে। বিএনপি নেতার শোডাউনে ঘটনাটি ঘটেছে বলে আমার জানা নেই।
এ বিষয়ে উপজেলা বিএনপির সাবেক সভাপতি মো. আফসার আলী বলেন, ওই স্কুলছাত্র আমার প্রোগ্রামে এসে আহত হয়নি। সে আমার গ্রুপের নয়। আহত ওই স্কুলছাত্র আমার প্রতিদ্বন্দ্বী গ্রুপের।

রিপোর্টার: 

















