বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)র অভিযানে চাঁপাইনবাবগঞ্জে ৮৮টি ভারতীয় মোবাইল ফোন জব্দ করা হয়েছে।
বৃহস্পতিবার (২৩ এপ্রিল) রাত ৩টার দিকে ৫৩ বিজিবির একটি বিশেষ টহলদল অভিযান পরিচালনা করে এসব মোবাইল ফোন জব্দ করে। অভিযানে মাসুদপুর বিওপির দায়িত্বপূর্ণ সীমান্ত শূন্য লাইন থেকে প্রায় দেড় কিলোমিটার বাংলাদেশের অভ্যন্তরে শিবগঞ্জ উপজেলার মনাকষা ইউনিয়নের মনোহরপুর গ্রাম এলাকা থেকে মোবাইল ফোনগুলো উদ্ধার করা হয়।
জব্দকৃত ৮৮টি মোবাইল ফোনের আনুমানিক বাজার মূল্য প্রায় ২৮ লাখ টাকা। পরবর্তীতে এগুলো চাঁপাইনবাবগঞ্জ শুল্ক কার্যালয়ে জমা দেওয়া হয়েছে।
চাঁপাইনবাবগঞ্জ ব্যাটালিয়ন (৫৩ বিজিবি) এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল কাজী মুস্তাফিজুর রহমান বিষয়টি নিশ্চিত করে জানান, সীমান্ত সুরক্ষা নিশ্চিত করা এবং অবৈধ চোরাচালান প্রতিরোধে বিজিবি সর্বদা তৎপর রয়েছে।
তিনি আরও বলেন, সরকারের ‘জিরো টলারেন্স’ নীতির আলোকে মাদকসহ বিভিন্ন চোরাচালান রোধে বিজিবি নিরলসভাবে কাজ করছে। বর্তমানে জ্বালানি ও ভোজ্য তেল চোরাচালান প্রতিরোধে সীমান্ত এলাকায় বিশেষ টহল, চেকপোস্ট ও গোয়েন্দা নজরদারি জোরদার করা হয়েছে।

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি। জনতার কণ্ঠ.কম 

















