সাবেক মন্ত্রী ও আওয়ামী লীগ নেতা ডা. দীপু মনি কারাবন্দি অবস্থা থেকে ১২ ঘণ্টার প্যারোলে মুক্তি পেয়ে তার প্রয়াত স্বামী ব্যারিস্টার তৌফিক নেওয়াজের মরদেহের পাশে পৌঁছেছেন।
বৃহস্পতিবার (২০ আগস্ট) সকাল ৬টা ১৫ মিনিটে তাকে মুন্সীগঞ্জ জেলা কারাগার থেকে কঠোর পুলিশি নিরাপত্তায় প্রিজন ভ্যানে করে ঢাকার উদ্দেশে নিয়ে আসা হয়।
সকাল সোয়া ৯টায় তিনি রাজধানীর কলাবাগানের বাসভবনে পৌঁছান। বাসায় ফ্রিজিং ভ্যানে রাখা স্বামীর মরদেহ দেখে দীপু মনি অশ্রুসিক্ত হয়ে পড়েন এবং এ সময় উপস্থিত স্বজনদের মধ্যেও আবেগঘন পরিবেশের সৃষ্টি হয়।
দীপু মনির পক্ষের আইনজীবী গাজী ফয়সাল সাংবাদিকদের জানান, এই বাড়িতেই দীপু মনির সঙ্গে মরহুম তৌফিক নেওয়াজের প্রথম দেখা হয়েছিল। সেখানে প্রথম ও পরবর্তী সময়ে গুলশান আজাদ মসজিদে জানাজা এবং বনানী কবরস্থানে দাফন করা হবে।
বুধবার (১৯ আগস্ট) প্যারোলে মুক্তির জন্য জেলা প্রশাসকের কাছে আবেদন করেন ডা. দীপু মনির মেয়ে তনী দীপাভলী নেওয়াজ। তার আবেদনের পরিপ্রেক্ষিতে দীপু মনিকে ১২ ঘণ্টার জন্য প্যারোলে মুক্তি দেওয়া হয়। সকাল ৬টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত এই প্যারোলের সময় নির্ধারণ করা হয়েছে।
এর আগে মঙ্গলবার (১৮ আগস্ট) রাতে রাজধানীর গুলশানের কন্টিনেন্টাল হাসপাতালে (সাবেক ইউনাইটেড হাসপাতাল) চিকিৎসাধীন অবস্থায় ৭৬ বছর বয়সে মারা যান ব্যারিস্টার তৌফিক নেওয়াজ। তিনি দীর্ঘদিন ধরে কিডনি ও লিভারের নানা জটিলতায় ভুগছিলেন।
প্রসঙ্গত, ২০২৪ সালের জুলাই গণঅভ্যুত্থানে তৎকালীন আওয়ামী লীগ সরকারের পতনের পর ১৯ আগস্ট বারিধারা ডিওএইচএস এলাকা থেকে গ্রেপ্তার হন দীপু মনি। সেই ঘটনায় দায়ের হওয়া মামলায় দীর্ঘদিন ধরে তিনি মুন্সীগঞ্জ কারাগারে রয়েছেন।

ন্যাশনাল ডেস্ক। জনতার কণ্ঠ.কম। 

























