হাম ও হামের উপসর্গ নিয়ে দেশে গত ২৪ ঘণ্টায় ৭ শিশুর মৃত্যু হয়েছে। এ নিয়ে হাম ও হাম উপসর্গে শিশু মৃত্যুর সংখ্যা বেড়ে ৭৬৬-তে দাঁড়িয়েছে। এ ছাড়া গত ২৪ ঘণ্টায় হাম ও হামের উপসর্গে ৯৯০ শিশু আক্রান্ত হয়েছে।
মঙ্গলবার (১৪ জুলাই) বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের হাম-বিষয়ক হালনাগাদ প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত ২৪ ঘণ্টায় হাম আক্রান্ত ১২২ রোগী শনাক্ত হয়েছে। মোট শনাক্ত রোগী ১৩ হাজার ৭৩৫ জন। একই সময়ে নতুন করে ৮৬৮ জনের শরীরে হামের উপসর্গ দেখা দিয়েছে বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। এ নিয়ে মোট সন্দেহভাজন রোগী সংখ্যা বেড়ে হয়েছে ১ লাখ ১৩ হাজার ২৪৪ জন।
গত ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত সারাদেশে হামের উপসর্গ নিয়ে মৃত্যু হয়েছে মোট ৬৭১ শিশুর। আর হামে আক্রান্ত হয়ে আরও ৯৫ শিশু প্রাণ হারিয়েছে। অর্থাৎ হাম ও হামের উপসর্গ নিয়ে এই সময়ে মোট ৭৬৬ শিশু মারা গেছে।
এ ছাড়া, ২৪ ঘণ্টায় হামে আক্রান্ত হয়েছে ১২২ শিশু, আর হামের উপসর্গে আক্রান্ত হয়েছে ৮৬৮ শিশু। এই সময়ে ৮৩১ শিশু নতুন করে হাসপাতালে ভর্তি হয়েছে, আর হাসপাতাল থেকে ছাড়া পেয়েছে ৯০০ শিশু।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য বলছে, ১৫ মার্চ থেকে আজ পর্যন্ত মোট সন্দেহজনক হাম রোগীর সংখ্যা ১ লাখ ১৩ হাজার ২৪৪, আর নিশ্চিত হাম রোগীর সংখ্যা ১৩ হাজার ৭৩৫। এর মধ্যে হাসপাতালে ভর্তি হয়েছে মোট ৯৬ হাজার ২৭ রোগী, যাদের মধ্যে ৯২ হাজার ৩৮৩ জন ছাড়পত্র পেয়ে এরই মধ্যে বাড়ি ফিরেছে।

ন্যাশনাল ডেস্ক। জনতার কণ্ঠ.কম 




















