দিনাজপুরের হাকিমপুরে থানা পুলিশের বিশেষ অভিযানে ১৬ পিস নিষিদ্ধ ট্যাপেন্ডাডল ট্যাবলেট ও ৮টি মাদকদ্রব্য অ্যাম্পল ইনজেকশনসহ তিন মাদক কারবারিকে গ্রেফতার করা হয়েছে।
আজ রবিবার (১২ জুলাই) দুপুরে গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন হাকিমপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) জাকির হোসেন।
পুলিশ জানায়, শনিবার (১১ জুলাই) উপজেলার বিভিন্ন এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে পৃথক অভিযান চালিয়ে মাদকসহ তাদের হাতেনাতে গ্রেফতার করা হয়। এ ঘটনায় আটককৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে হাকিমপুর থানায় পৃথক দুটি মামলা দায়ের করা হয়েছে।
পুলিশ সূত্রে জানা যায়, উপজেলার বড় ডাঙ্গাপাড়া এলাকায় অভিযান চালিয়ে ১০ পিস নিষিদ্ধ ট্যাপেন্ডাডল ট্যাবলেটসহ মোঃ জহুরুল ইসলাম ওরফে জাহিদ হাসানকে গ্রেফতার করা হয়। সে ওই গ্রামের মোঃ মমিন হোসেনের ছেলে।
অপরদিকে, পুলিশের আরেকটি অভিযানে জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার ত্রিপুরা গ্রামের মৃত শাহিনুর মোল্লার ছেলে তুহিন মোল্লা (২২) এবং হাকিমপুরের মধ্য বাসুদেবপুর রাজধানী মোড় এলাকার মৃত আবু বক্কর সিদ্দিক কাটানীর ছেলে মোঃ রফিকুল ইসলাম কাটানীকে (৪৫) গ্রেফতার করা হয়। এ সময় তল্লাশি চালিয়ে তুহিনের কাছ থেকে ৬ পিস ট্যাপেন্ডাডল ট্যাবলেট এবং রফিকুলের কাছ থেকে ৮টি নিষিদ্ধ মাদক অ্যাম্পল ইনজেকশন উদ্ধার করে পুলিশ।
হাকিমপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) জাকির হোসেন জানান, মাদকের বিরুদ্ধে পুলিশের জিরো টলারেন্স নীতি অনুযায়ী এই বিশেষ অভিযান চালানো হয়েছে এবং এ ধরনের অভিযান নিয়মিত অব্যাহত থাকবে। গ্রেফতারকৃত আসামিদের বিরুদ্ধে যথাযথ আইনি পদক্ষেপ গ্রহণ করে আদালতে প্রেরণের প্রক্রিয়া চলছে।

হাসান আলী, (হাকিমপুর) দিনাজপুর প্রতিনিধি। জনতার কণ্ঠ.কম 




















