সিরাজগঞ্জের শাহজাদপুরে কৃষি জমিতে সেচ দেওয়াকে কেন্দ্র করে কথা কাটাকাটির এক পর্যায়ে হাঁসুয়া, ফলাসহ দেশীয় অস্ত্র নিয়ে দুই পক্ষের মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয়পক্ষের অন্তত ১৫ জন আহত হয়েছেন।
সোমবার (২ মার্চ) দুপুরের দিকে শাহজাদপুর উপজেলার পোতাজিয়া ইউনিয়নের চরাচিথুলিয়া গ্রামে এ ঘটনা ঘটে। আহতদের শাহজাদপুর এবং সিরাজগঞ্জের বিভিন্ন হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। খবর পেয়ে শাহজাদপুর থানার পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
প্রত্যক্ষদর্শীরা জানান, সোমবার সকালে শাহজাদপুর উপজেলার পোতাজিয়া ইউনিয়নের চরাচিথুলিয়া গ্রামের মাঠের মধ্যে রহমান সরকারের স্কিম থেকে দানেজ সরকারের জমিতে সেচের পানি চাইলে দুইজনের মধ্যে কথা কাটাকাটি হয়। কথা-কাটাকাটির এক পর্যায়ে রহমান সরকার ও দানেজ সরকারের মধ্যে হাতাহাতি শুরু হয়। এরপর উভয়পক্ষের নারীপুরুষ দেশীয় অস্ত্রসস্ত্র নিয়ে মাঠের মধ্যেই ভয়াবহ সংঘর্ষে জড়িয়ে পরে।
প্রায় ঘণ্টাব্যাপী চলা সংঘর্ষে দেশীয় অস্ত্রের আঘাতে স্কিম পরিচালক আব্দুর রহমান, আজমত সরকার, লুৎফর সরকার, আনিস সরকার, ইসমাইল সরকার, লিমন সরকার, রাজ্জাক সরকার, মঞ্জেলা খাতুন, রাজিয়া খাতুন, দানেজ সরকার, আল আমিন, সোহেল, আকরাম, শুকুর, হাফিজা খাতুনসহ অন্তত ১৫ জন আহত হয়েছে।
আহতদের উদ্ধার করে শাহজাদপুর স্বাস্থ্য কমপ্লেক্স এবং সিরাজগঞ্জ সদর হাসপাতালে পাঠানো হয়েছে।
স্কিম পরিচালক আব্দুর রহমান জানান, দানেজ সরকারের জমিতে ইতোমধ্যেই দুইবার সেচ দেয়া হয়েছে। কিন্তু লাঙ্গল দিয়ে চাষ না করায় প্রতিবারই পানি শুকিয়ে গেছে। আবারও ট্রাক্টর না এনে ফের পানি চাইলে নিষেধ করা হলে ক্ষিপ্ত হয়ে হামলা চালায়। পরে বাড়ির অন্যরা ঠেকাতে আসলে তাদেরকেও পিটিয়ে আহত করা হয়েছে।
অপরদিকে দানেজ সরকার জানান, তিনি তার জমিতে সেচ চাচ্ছেন সকাল থেকেই। সেচ না দিয়ে বকাঝকা করতে থাকে রহমান। তিনি বকাবকি করতে নিষেধ করলে আমার উপর হামলে পড়ে। তখন স্বজনরা এগিয়ে এলে তাদের উপরও হামলা চালানো হয়।
শাহজাদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাইফুল ইসলাম বলেন, জমিতে সেচ দেয়া নিয়ে কথা-কাটাকাটির জেরে সংঘর্ষ হয়েছে। খবর পেয়ে শাহজাদপুর থানা পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। অভিযোগ দিলে তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। বর্তমানে ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

শাহজাদপুর (সিরাজগঞ্জ) প্রতিনিধি। জনতার কণ্ঠ.কম 























