ঠাকুরগাঁওয়ের নবগঠিত ভূল্লী উপজেলার ভূল্লী বাজারে অভিযান চালিয়ে দুটি প্রতিষ্ঠানে মোট ১০ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) সকাল ১১টার দিকে এ অভিযান পরিচালনা করা হয়।
অভিযানে ভূল্লী বাজারের নিউ পল্লী ডেন্টাল কেয়ারকে ৫ হাজার টাকা এবং মোঃ আজগর আলীর চালের দোকানকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়।
জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর ঠাকুরগাঁও কার্যালয়ের সহকারী পরিচালক এ এস এম মাসুম উদ দৌলা অভিযানে নেতৃত্ব দেন।

অভিযান সূত্রে জানা যায়, নিউ পল্লী ডেন্টাল কেয়ারে কাগজপত্রের সঠিকতা নিয়ে অসংগতি পাওয়া যায়। পাশাপাশি প্রতিষ্ঠানে সেবার তালিকা না থাকা, নিজ নামের পরিচয়ে সাইনবোর্ড না থাকা ও সার্বিক অব্যবস্থাপনার কারণে প্রতিষ্ঠানটির প্রোপাইটর ডা. মোছাঃ তাসলিমা আক্তার (তানিয়া)-কে ৫ হাজার টাকা জরিমানা করা হয়।
এ সময় ভোক্তা অধিকার কর্তৃপক্ষ প্রতিষ্ঠানটিকে প্রয়োজনীয় কাগজপত্রের বিষয়ে সতর্ক করে এবং বিডিএস ডিগ্রিধারী চিকিৎসক নিয়োগের জন্য সময় দেওয়া হয়েছে বলে জানানো হয়। বিষয়টি নিয়ে অধিকতর ব্যবস্থা গ্রহণের জন্য ঠাকুরগাঁও সিভিল সার্জনের সঙ্গে কথা বলা হবে বলেও জানান সংশ্লিষ্ট কর্মকর্তা।
অন্যদিকে, ভূল্লী বাজারের মোঃ আজগর আলীর চালের দোকানে অভিযান চালিয়ে অনিয়মের অভিযোগে আরও ৫ হাজার টাকা জরিমানা করা হয়।
জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক এ এস এম মাসুম উদ দৌলা বলেন, ভোক্তাদের স্বার্থ সংরক্ষণে নিয়মিত বাজার মনিটরিং করা হচ্ছে। অনিয়ম, নকল, ভেজাল, অতিরিক্ত মূল্য আদায়, কৃত্রিম সংকট ও সিন্ডিকেটের বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
তিনি আরও বলেন, ভোক্তাদের অধিকার নিশ্চিত করতে ভূল্লী বাজারসহ জেলার বিভিন্ন বাজারে নিয়মিত মনিটরিং ও আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

শাহিন আলম, ভূল্লী (ঠাকুরগাঁও) প্রতিনিধি। জনতার কণ্ঠ.কম 




















One thought on “ঠাকুরগাঁওয়ে ভূল্লীতে ভোক্তা অধিকার অধিদপ্তরের অভিযান”