রাজধানীর চাঁনখারপুল এলাকার একটি মেস থেকে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) এক শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। অনিক চন্দ্র পাল নামের ওই শিক্ষার্থী বিশ্ববিদ্যালয়ের ২০২৪-২৫ শিক্ষাবর্ষের ড্রয়িং অ্যান্ড পেইন্টিং বিভাগের শিক্ষার্থী ছিলেন।
মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) রাতে চাঁনখারপুলের পি. কে. গাঙ্গুলি লেনের একটি ভবনের চতুর্থ তলার মেস থেকে তার মরদেহ উদ্ধার করেন সহপাঠীরা। পরে তাকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
অনিকের মেসসঙ্গী ও জবি শিক্ষার্থী জয় ভূঁইয়া জানান, সোমবার থেকে অনিকের সঙ্গে স্বাভাবিকভাবে যোগাযোগ করা যাচ্ছিল না। মঙ্গলবার রাতে অনিকের এক সহপাঠী ফোনে তাকে না পেয়ে মেসে গিয়ে খোঁজ নেওয়ার জন্য জয়কে অনুরোধ করেন। পরে জয় ও ওই সহপাঠী অনিকের কক্ষের সামনে গিয়ে বেশ কিছুক্ষণ ডাকাডাকি করেও কোনো সাড়া পাননি।
তিনি জানান, কক্ষের দরজা ভেতর থেকে বন্ধ থাকায় তাদের সন্দেহ হয়। পরে জানালার কাচ ভেঙে ভেতরে তাকিয়ে অনিককে ফ্যানের সঙ্গে গলায় গামছা প্যাঁচানো অবস্থায় দেখতে পান তারা। এরপর দরজা খুলে তাকে উদ্ধার করে দ্রুত ঢামেক হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এ বিষয়ে ত্রিমাত্রিক ও নকশা বিভাগের সহকারী অধ্যাপক ও সহকারী প্রক্টর সুবাস পাল বলেন, ‘ঘটনা শোনার পরপরই আমি মেডিকেলে যাই। তার পরিবারকে জানানো হলে তারা ঢাকার উদ্দেশে রওনা দেন। প্রাথমিকভাবে পুলিশ আত্মহত্যা বলে ধারণা করছে। প্রয়োজনীয় প্রক্রিয়া শেষে মরদেহ সৎকারের জন্য গ্রামের বাড়িতে পাঠানো হবে।’
বংশাল থানার ওসি আশিক ইকবাল বলেন, ‘প্রাথমিকভাবে আমাদের ধারণা, এটি আত্মহত্যার ঘটনা। তার পরিবারের সদস্যরা আসছেন। তারা আসার পর মরদেহের ময়নাতদন্ত শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হবে।’
জানা গেছে, অনিক চন্দ্র পালের গ্রামের বাড়ি সুনামগঞ্জের তাহিরপুরে। বর্তমানে তার পরিবার সিলেটের শিবগঞ্জ এলাকায় একটি ভাড়া বাসায় বসবাস করে।

ন্যাশনাল ডেস্ক। জনতার কণ্ঠ.কম 




















