প্রকাশিত হয়েছে ফারিহা ফারাহী নতুন মৌলিক গান ‘ময়না রে’। গানটির কথা, সুর ও কণ্ঠ ফারিহার নিজের। সংগীতায়োজন করেছেন শোভন রায়। গানটির মিক্স ও মাস্টার করা হয়েছে এওয়ান স্টুডিওতে। গানটির ভিডিও নির্মাণ করেছেন মাহতিম শাকিব। কোরিওগ্রাফির দায়িত্বে ছিল ঢাকা ডান্স কোম্পানি। গান ও ভিডিও—দুই ক্ষেত্রেই সাধারণ শ্রোতা-দর্শকের কথা মাথায় রেখে সহজ, প্রাণবন্ত ও উপভোগ্য একটি উপস্থাপনা তৈরির চেষ্টা করা হয়েছে।
‘ময়না রে’ নিয়ে ফারিহা জানান, নিজের লেখা ও সুরের গান নিয়ে নিয়মিত কাজ করার পরিকল্পনা রয়েছে তার। একটু ব্যতিক্রমী ধরনের কাজের প্রতি আগ্রহ থেকেই নতুন নতুন ভাবনা নিয়ে এগোতে চান তিনি। সংগীতে প্রাতিষ্ঠানিক শিক্ষা থাকলেও নাচের প্রতি তার আগ্রহ তৈরি হয়েছে মূলত নিজের চেষ্টা ও ভালোবাসা থেকে। গানের চেয়েও অনেক সময় নাচতে বেশি ভালো লাগে তার। নাচের সময় নিজেকে যেন অন্যভাবে আবিষ্কার করেন বলেও জানান ফারিহা।

আরও পড়ুন: এক মাস পেরোলেও উদ্ঘাটন হয়নি হেইডেনের মৃত্যুর রহস্য
পেশাগত জীবনেও রয়েছে তার ভিন্ন এক গল্প। বাংলাদেশ বিমান বাহিনীতে ১২ বছরের চাকরিজীবন শেষ করে বর্তমানে নিজের ব্যবসা পরিচালনা করছেন তিনি। পাশাপাশি সংগীতকেও এখন গুরুত্বের সঙ্গে নিজের ক্যারিয়ারের একটি অংশ হিসেবে এগিয়ে নিতে চান। ফারিহার সংগীতচর্চার পেছনে রয়েছে পারিবারিক প্রভাবও। তার বাবা সরকারি কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালনের পাশাপাশি কুমিল্লা শিল্পকলায় সংগীত শিক্ষক ছিলেন। তিনি বেশ কিছু মৌলিক গানও রেখে গেছেন।
বাবার সেই অপ্রকাশিত বা পুরোনো কাজগুলো বর্তমান সময়ের শ্রোতাদের উপযোগী করে নতুন সংগীতায়োজন ও উপস্থাপনায় সামনে আনার পরিকল্পনা করছেন ফারিহা। ফারিহা ফারাহীর গানটি মুক্তি পেয়েছে তার নিজস্ব ইউটিউব চ্যানেল ফারিহা ফারাহী থেকে।

বিনোদন ডেস্ক । জনতার কণ্ঠ.কম 





















One thought on “‘ময়না রে’ নিয়ে শ্রোতাদের মাঝে ফারিহা ফারাহী”