নওগাঁর মহাদেবপুরে ময়েন উদ্দিন (৪২) নামে এক ওয়ার্ড বিএনপি নেতার বিরুদ্ধে চাঁদাবাজি, ভয়ভীতি প্রদর্শন, সরকারি ভাতার নামে অর্থ আত্মসাৎ, চলাচলের রাস্তা বন্ধ এবং জমি দখলের চেষ্টাসহ নানা অভিযোগ উঠেছে। রাজনৈতিক প্রভাব খাটিয়ে সাধারণ মানুষকে মিথ্যা মামলায় ফাঁসানোর ভয় দেখিয়ে অর্থ আদায় ও এলাকায় বিশৃঙ্খলা সৃষ্টিরও অভিযোগ করেছেন স্থানীয় বাসিন্দারা।
এসব ঘটনায় অতিষ্ঠ হয়ে প্রতিকার চেয়ে গত মঙ্গলবার (১০ নভেম্বর) উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও মহাদেবপুর থানায় লিখিত আবেদন করেছেন উপজেলার উত্তরগ্রাম ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের শতাধিক বাসিন্দা। একই সঙ্গে উপজেলা বিএনপির কাছেও লিখিত অভিযোগ দিয়েছেন তাঁরা।
অভিযুক্ত ময়েন উদ্দিন উত্তরগ্রাম ইউনিয়নের হাটখোলা তেঁতুলপাড়া গ্রামের আজিম উদ্দিনের ছেলে। তিনি ২ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি এবং মহাদেবপুর উপজেলা শ্রমিক দলের কোষাধ্যক্ষ।
লিখিত অভিযোগে বলা হয়েছে, ময়েন উদ্দিন নিজেকে উত্তরগ্রাম ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি পরিচয় দিয়ে এলাকার সাধারণ মানুষের ওপর প্রভাব বিস্তার, হয়রানি ও ভয়ভীতি প্রদর্শন করে আসছেন। এরই ধারাবাহিকতায় সম্প্রতি রাজনৈতিক প্রভাব খাটিয়ে হাটখোলা তেঁতুলপাড়া গ্রামের মানুষের দীর্ঘদিনের সরকারি চলাচলের পথ বন্ধের পক্ষে অবস্থান নিয়ে এলাকায় বিরোধ সৃষ্টি করেছেন তিনি। এতে স্থানীয় বাসিন্দাদের স্বাভাবিক চলাচল ব্যাহত হচ্ছে বলে অভিযোগ করেছেন আবেদনকারীরা।
অভিযোগে আরও উল্লেখ করা হয়, গত ২৭ এপ্রিল কৃষকদের নামে বরাদ্দ করা কৃষি প্রণোদনার সার উত্তোলন করে বাজারে বিক্রির সময় তিনি ধরা পড়েন। এ-সংক্রান্ত একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়লে এলাকায় সমালোচনার সৃষ্টি হয় বলেও দাবি করেছেন অভিযোগকারীরা।
এ ছাড়া সরকারি ভাতা ও বিভিন্ন সুযোগ-সুবিধার কার্ড করে দেওয়ার কথা বলে অর্থ আত্মসাৎ এবং উত্তরগ্রাম হাটখোলা দাখিল মাদ্রাসায় জাল সনদের মাধ্যমে চাকরি করে সরকারি কোষাগার থেকে বেতন-ভাতা ও এমপিও সুবিধা গ্রহণের অভিযোগও করা হয়েছে তাঁর বিরুদ্ধে। এসব বিষয়ে তদন্তে অভিযোগের সত্যতা পাওয়া গেলেও কার্যকর আইনগত ব্যবস্থা নেওয়া হয়নি বলে দাবি আবেদনকারীদের।
গ্রামবাসীর অভিযোগ, ময়েন উদ্দিন সাধারণ মানুষকে রাজনৈতিকভাবে আওয়ামী লীগের ট্যাগ দিয়ে মিথ্যা মামলায় ফাঁসানোর হুমকি দেন। পাশাপাশি ভয়ভীতি দেখিয়ে অর্থ আদায়, চাঁদাবাজি ও জোরপূর্বক জমি দখলের চেষ্টার কারণে এলাকার মানুষ নিরাপত্তাহীনতায় ভুগছেন।
অভিযোগগুলোর নিরপেক্ষ তদন্ত, অভিযুক্ত ব্যক্তির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ, ভুক্তভোগীদের নিরাপত্তা নিশ্চিত এবং গ্রামের মানুষের স্বাভাবিক চলাচলের সরকারি পথ উন্মুক্ত রাখার দাবি জানিয়েছেন আবেদনকারীরা।
এদিকে, উত্তরগ্রাম পূর্বপাড়া এলাকার বীর মুক্তিযোদ্ধা আবুল কাশেমের স্ত্রীর মৃত্যুর পর দাফনের জন্য বাঁশ কাটতে বাধা ও মারধরের অভিযোগ উঠেছে ময়েন উদ্দিনসহ কয়েকজনের বিরুদ্ধে। এ ঘটনায় স্থানীয়দের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়েছে।
নিহত নারীর ছেলে শরিফুল ইসলাম (৪৫) এ ঘটনায় মহাদেবপুর থানায় লিখিত অভিযোগ দিয়েছেন। অভিযোগ সূত্রে জানা যায়, বীর মুক্তিযোদ্ধা আবুল কাশেমের স্ত্রী ও শরিফুল ইসলামের মা গত ৩ নভেম্বর রাত সাড়ে ১১টার দিকে মারা যান। পরদিন ৪ নভেম্বর সকাল আনুমানিক ৮টার দিকে মায়ের কাফন-দাফনের জন্য তাঁর চাচাতো ভাই আল মামুনসহ গ্রামের কয়েকজন উত্তরগ্রাম মৌজায় অবস্থিত তাঁদের ১৫ শতক জমির বাঁশঝাড় থেকে বাঁশ কাটতে যান।
এ সময় বাঁশঝাড়টি নিজের দাবি করে ময়েন উদ্দিন, তাঁর স্ত্রী লায়লা আরজুমান ও অজ্ঞাতনামা আরও চারজন সেখানে গিয়ে বাঁশ কাটতে বাধা দেন বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে। এ নিয়ে কথা বলতে গেলে আল মামুনকে অকথ্য ভাষায় গালিগালাজ করে সেখান থেকে তাড়িয়ে দেওয়া হয়। একই সঙ্গে ওই জমিতে গেলে পরিবারের অন্য সদস্যদেরও মারধরের হুমকি দেওয়া হয় বলে অভিযোগ করেছেন শরিফুল ইসলাম। মায়ের মৃত্যুতে পরিবারটি শোকাহত থাকায় বিরোধে না জড়িয়ে অন্য স্থান থেকে বাঁশ সংগ্রহ করে দাফন কার্যক্রম সম্পন্ন করেন তাঁরা।
তবে তাঁর বিরুদ্ধে ওঠা সব অভিযোগ অস্বীকার করেছেন ময়েন উদ্দিন। মুঠোফোনে তিনি বলেন, ‘তারা নাশকতার চেষ্টা করছে—এমন বিষয় জানতে পেরে গত ২ নভেম্বর আমি তাদের বিরুদ্ধে অভিযোগ করেছি। আর অভিযোগ করার কারণেই তারা আমার বিরুদ্ধে মিথ্যা অভিযোগ দিয়েছে। শতাধিক ব্যক্তি যারা অভিযোগ করেছে, তারা সবাই ফ্যাসিস্টের দোসর।’
দাফনের জন্য বাঁশ কাটতে বাধা দেওয়ার বিষয়ে তিনি বলেন, ‘ওই বাঁশঝাড় আমার শ্বশুরের। তারা বিগত সাত বছর ধরে সেটি দখলে রেখেছিল। ফ্যাসিস্ট সরকার চলে যাওয়ার পর তারা এমনিতেই পালিয়ে যায়। এ ছাড়া বাঁশঝাড়টি নিয়ে আদালতে মামলা চলমান রয়েছে। মামলা থাকার কারণে আমি বাঁশ কাটতে দিইনি। তবে আমার অন্য বাঁশঝাড় থেকে বাঁশ দিতে চেয়েছিলাম।’
ময়েন উদ্দিনের বক্তব্য নেওয়ার পরপরই ১, ২ ও ৩ নম্বর ওয়ার্ডের সংরক্ষিত নারী সদস্য রঞ্জনা বেগমের স্বামী পরিচয় দিয়ে রবিউল ইসলাম নামে এক ব্যক্তি প্রতিবেদকের সঙ্গে যোগাযোগ করেন। তিনি ময়েন উদ্দিনের পক্ষ নিয়ে বলেন, ‘আমরা সবাই মিলে এইমাত্র সমস্যার সমাধান করে দিয়েছি। এখন থেকে সবাই চলাচল করতে পারবে। তারপরও কেউ যদি এখন ময়েনের বিরুদ্ধে অভিযোগ দেয় এবং নিউজ করে, তাহলে তা মিথ্যা, বানোয়াট ও উদ্দেশ্যপ্রণোদিত হবে।’ তবে তিনি স্বীকার করেন, সেখানে ময়েন উদ্দিনের কারণে চলাচলে কিছুটা সমস্যার সৃষ্টি হয়েছিল।
ময়েন উদ্দিনের বিরুদ্ধে লিখিত অভিযোগ পাওয়ার বিষয়টি স্বীকার করে মহাদেবপুর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল মতিন মন্ডল মুঠোফোনে বলেন, ‘তাঁর বিরুদ্ধে তদন্ত করার জন্য ইউনিয়ন বিএনপিকে বলা হয়েছে। অভিযোগ প্রমাণিত হলে তাঁকে বহিষ্কারের নির্দেশনাও দেওয়া আছে।’
অন্যদিকে, লিখিত অভিযোগ এখনো হাতে পাননি জানিয়ে উপজেলা বিএনপির সভাপতি রবিউল আলম বুলেট মুঠোফোনে বলেন, ‘তবে এতটুকু বলতে পারি, অন্যায় ও অনিয়ম করে কেউ বিএনপিতে থাকতে পারবে না। কেউ জমি দখল, চাঁদাবাজি ও এলাকায় অশান্তি সৃষ্টি করবে, আর সে বিএনপিতে থাকবে—এমনটি হবে না। অভিযোগ প্রমাণিত হলে তাঁর বিরুদ্ধে অবশ্যই ব্যবস্থা নেওয়া হবে।’
এ বিষয়ে জানতে একাধিকবার মহাদেবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওমর ফারুকের মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন রিসিভ করেননি।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মানজুরা মুশাররফ মুঠোফোনে বলেন, ‘গ্রামবাসীর পক্ষ থেকে ময়েন উদ্দিনের বিরুদ্ধে দেওয়া অভিযোগটি পেয়েছি। সেটি তদন্তের জন্য পাঠানো হয়েছে।’

নওগাঁ জেলা প্রতিনিধি। জনতার কণ্ঠ.কম। 


















