‘দক্ষ যুব গড়বে দেশ, সবার আগে বাংলাদেশ’ প্রতিপাদ্যকে সামনে রেখে দিনাজপুরের হাকিমপুরের হিলিতে বর্ণাঢ্য র্যালি, আলোচনা সভা ও যুব ঋণের চেক বিতরণসহ নানা আয়োজনে জাতীয় যুব দিবস-২০২৬ পালিত হয়েছে।
রোববার (১ নভেম্বর) সকাল ১১টায় উপজেলা প্রশাসন ও যুব উন্নয়ন অধিদপ্তরের আয়োজনে উপজেলা পরিষদ চত্বর থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয়। র্যালিটি উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে একই স্থানে এসে শেষ হয়।
পরে উপজেলা পরিষদের হলরুমে উপজেলা নির্বাহী কর্মকর্তা জর্জ মিত্র চাকমার সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

সভায় বেকার যুবকদের কর্মসংস্থান সৃষ্টি, বিভিন্ন কারিগরি ও কর্মমুখী প্রশিক্ষণ, স্বল্প সুদে ঋণ প্রদান এবং যুবসমাজকে স্বাবলম্বী করে গড়ে তুলতে সরকারের বিভিন্ন কার্যক্রম নিয়ে আলোচনা করা হয়। বক্তারা যুবকদের দক্ষতা উন্নয়নের পাশাপাশি আত্মকর্মসংস্থান ও উদ্যোক্তা হওয়ার ওপর গুরুত্বারোপ করেন।
আলোচনা সভা শেষে যুব উন্নয়ন অধিদপ্তরের প্রশিক্ষণপ্রাপ্ত যুবকদের মধ্যে ঋণের চেক বিতরণ করেন অতিথিরা।
এ সময় উপস্থিত ছিলেন হাকিমপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মাহাদি ইমাম, উপজেলা বিএনপির সভাপতি মো. ফেরদৌস রহমান, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মো. শাহ আলম, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মো. মেজবাহুর রহমান, সহকারী প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. রেজাউল ইসলাম, একাডেমিক সুপারভাইজার সাখাওয়াত হোসেন, হাকিমপুর পৌর বিএনপির সভাপতি মোতালেব হোসেন মিঠু, উপজেলা সহকারী যুব উন্নয়ন কর্মকর্তা মো. রবিউল ইসলাম, উপজেলা যুবদলের আহ্বায়ক শাহ আলম, সদস্যসচিব এনামুল হক তাজ এবং পৌর যুবদলের যুগ্ম আহ্বায়ক রাহুল কবিরসহ বিভিন্ন পর্যায়ের ব্যক্তিরা।

হাসান আলী, (হাকিমপুর), দিনাজপুর প্রতিনিধি। জনতার কণ্ঠ.কম। 

















