পবিত্র কোরআন ছাপার কাজ চলছে। বড় বড় যন্ত্রে ছাপা হচ্ছে পৃষ্ঠা, সেগুলো ভাঁজ করে বাঁধাই করা হচ্ছে বই আকারে। তবে এটি আর দশটি ছাপাখানার মতো নয়। এখানে কোরআন ছাপার কাজে যুক্ত প্রত্যেক কর্মীকে একটি বিশেষ নিয়ম মেনে চলতে হয়। ছাপার ঘরে ঢোকার আগে করতে হয় অজু।
মালয়েশিয়ার পুত্রজায়ায় অবস্থিত নাসিরুল কোরআন কমপ্লেক্সে প্রতিদিন এমনই ব্যস্ততা থাকে। প্রতিষ্ঠানটি বছরে সর্বোচ্চ ৩০ লাখ কপি পবিত্র কোরআন ছাপতে পারে। মালয়েশীয় কর্তৃপক্ষের দাবি, সৌদি আরবের মদিনায় অবস্থিত কিং ফাহাদ কোরআন প্রিন্টিং কমপ্লেক্সের পর এটি বিশ্বের দ্বিতীয় বৃহত্তম কোরআন ছাপাখানা।
অ্যাসোসিয়েটেড প্রেসের (এপি) এক প্রতিবেদনে বলা হয়েছে, প্রতিষ্ঠানটিতে প্রতিদিন প্রায় ১৫ হাজার কপি কোরআন ছাপা হয়। উৎপাদন ও মান যাচাইয়ের কাজে যুক্ত থাকেন ৫০ থেকে ৮০ জন কর্মী। মালয়, চীনা, তামিল, ইংরেজি, বাংলা, ফরাসি ও সোয়াহিলিসহ মোট ৩০টি ভাষায় কোরআন ছাপার সক্ষমতা রয়েছে প্রতিষ্ঠানটির।
ছাপার আগে অজু
এই প্রতিষ্ঠানের সবচেয়ে উল্লেখযোগ্য বিষয় হলো, কোরআন ছাপার ঘরে প্রবেশের আগে কর্মীদের অজু করতে হয়। মুসলমানরা নামাজের আগে পবিত্রতা অর্জনের জন্য অজু করেন। এখানেও পবিত্র কোরআন স্পর্শ ও ছাপার কাজে যুক্ত হওয়ার আগে সেই নিয়ম অনুসরণ করা হয়।
প্রতিষ্ঠানটির একজন গাইড মুহাম্মদ আশরাফ আমির বলেন, কোরআন স্পর্শ করতে বা কাজ করতে হলে কর্মীদের সব সময় অজু অবস্থায় থাকতে হয়।
প্রতিটি পৃষ্ঠা কয়েক দফা পরীক্ষা
কোরআন ছাপার কাজ শুরু হয় বড় কাগজের শিটে পৃষ্ঠা ছাপার মাধ্যমে। এরপর রং ও ছাপার মান পরীক্ষা করা হয়। এই ধাপ পেরিয়ে পৃষ্ঠাগুলো যায় বিশেষজ্ঞদের কাছে। তাদের বলা হয় ‘লাজনাহ তাশিহ’। এই বিশেষজ্ঞদের আরবি ভাষায় দক্ষ হতে হয় অথবা পুরো কোরআন মুখস্থ থাকতে হয়।
তারা প্রতিটি পৃষ্ঠার লেখা ও ছাপার ভুল খুঁটিয়ে দেখেন। অনুমোদন পাওয়ার পর যন্ত্রের সাহায্যে ঘণ্টায় প্রায় আট হাজার শিট ভাঁজ করা হয়। এরপর আবার পরীক্ষা করে পৃষ্ঠাগুলো একত্র করা, সেলাই ও বাঁধাইয়ের কাজ চলে।
বই বাঁধাইয়ের পরও শেষ হয় না পরীক্ষা। বিশেষজ্ঞরা আবারও কোরআনের কপি যাচাই করেন। এমনকি প্রতিটি কপি ওজন করেও দেখা হয়। কোনো কপির ওজন অস্বাভাবিক হলে তাতে পৃষ্ঠা কম বা বেশি থাকার আশঙ্কা থাকে।
কোরআনের পাতায় বিভিন্ন দেশের সংস্কৃতি
এই প্রতিষ্ঠানের যাত্রা শুরু হয়েছিল ১৯৮৭ সালে। ইয়ায়াসান রেস্তু নামের একটি অলাভজনক সংস্থার উদ্যোগে মাত্র দুজনকে নিয়ে প্রকল্পটির কাজ শুরু হয়। তাদের লক্ষ্য ছিল মালয়েশিয়ার নিজস্ব শিল্প ও সংস্কৃতির ছাপ রেখে কোরআনের একটি সংস্করণ তৈরি করা।
এখানে শুধু ভাষা পরিবর্তন করা হয় না, বিভিন্ন দেশের সংস্কৃতির সঙ্গে মিল রেখে কোরআনের অলংকরণেও বৈচিত্র্য আনা হয়। যেমন চীনা ভাষার কোরআনে ব্যবহার করা হয়েছে চীনের সংস্কৃতি ও ঐতিহ্য থেকে অনুপ্রাণিত নকশা ও রং। এই সংস্করণ তৈরি করতে সময় লেগেছে সাত বছর।
হাতে লেখা এক কোরআন তৈরি করতে লাগে সাত বছর
নাসিরুল কোরআন কমপ্লেক্সে মুদ্রিত কোরআনের পাশাপাশি হাতে লেখা দুর্লভ পাণ্ডুলিপিও সংরক্ষণ করা হয়। একটি পৃষ্ঠা হাতে লিখতে ছয় থেকে ১০ ঘণ্টা পর্যন্ত সময় লাগে। প্রায় ৬০০ পৃষ্ঠার পুরো কোরআন হাতে লিখে শেষ করতে দুই থেকে সাত বছর লেগে যেতে পারে।
এ কাজের জন্য নিজস্ব প্রশিক্ষণ প্রতিষ্ঠানও রয়েছে। সেখানে শিক্ষার্থীদের ইসলামি ক্যালিগ্রাফি ও কোরআনের অলংকরণ শেখানো হয়। একজন দক্ষ শিল্পী নিজের স্বতন্ত্র লেখার ধরন তৈরি করেন, যা অক্ষরের দূরত্ব ও কলমের আঁচড়ের পুরুত্বে ফুটে ওঠে।
প্রতিষ্ঠানটি কোরআন বিক্রির পাশাপাশি বিনা মূল্যে বিতরণও করে। বিভিন্ন দাতব্য সংস্থা মানুষের মধ্যে বিতরণের জন্য কোরআন চাইলে তাদের বিনা মূল্যে দেওয়া হয়। তবে শর্ত থাকে, এসব কোরআন বিক্রি করা যাবে না।
আগামী কয়েক বছরে আরও ৩০টি ভাষায় কোরআনের অনুবাদ প্রকাশের পরিকল্পনা রয়েছে প্রতিষ্ঠানটির। তাদের লক্ষ্য, বিভিন্ন ভাষা ও সংস্কৃতির মানুষের কাছে পবিত্র কোরআন পৌঁছে দেওয়া।
জনতার কণ্ঠ/এসএ

আন্তর্জাতিক ডেস্ক। জনতার কণ্ঠ.কম 

























