সিরাজগঞ্জের শাহজাদপুরে ইসলামী জালসায় ওয়াজ শুনতে গিয়ে শিশুদের ঝগড়াকে কেন্দ্র করে দু’পক্ষের সংঘর্ষে অন্তত ২০ জন আহত হয়েছে। আহতদেরকে শাহজাদপুর এবং পাবনার বিভিন্ন হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে।
রোববার (১১ জানুয়ারি) সকালে উপজেলার পোতাজিয়া ইউনিয়নের চরাচিথুলিয়া গ্রামে জিয়ারুল ফকির ও মাহফুজ সরকার গ্রুপের মধ্যে এ সংঘর্ষের ঘটনা ঘটে। উভয়পক্ষ হাসুয়া, দা, ফালা নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। ঘণ্টাব্যাপী সংঘর্ষে ধাওয়া-পাল্টা ধাওয়া, ইট-পাটকেল নিক্ষেপ ও বাড়িঘর ভাংগচুরের ঘটনাও ঘটে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে।
প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, শনিবার (১০ জানুয়ারি) রাতে গ্রামের একটি ইসলামি জালসায় ওয়াজ শুনতে গিয়ে মঞ্জু সরকারের ১৩ বছর বয়সী সন্তান নিরবের সাথে ইউসুফ ফকিরের ১৫ বছর বয়সী পুত্র শিমুলের ঝগড়া হয়। এ নিয়ে রাতেই নিরব এবং শিমুলের মধ্যে মারপিটের ঘটনা ঘটে। বিষয়টি দুই পক্ষের অভিভাবকরা জানার পর উভয় পক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়ে। গ্রামের সরকার গ্রুপ এবং ফকির গ্রুপের অন্তত ৫শতাধিক নারী-পুরুষ দেশীয় অস্তশস্ত্র নিয়ে রবিবার সকাল ১০ টায় সংঘর্ষে জড়ায়। ১১টা পর্যন্ত চলা এ সংঘর্ষে সরকার গ্রুপের আব্দুল মতিন সরকার, রিপন সরকার, শিশির সরকার, টেক্কা সরকার, মিলন সরকার, আরিফ সরকার এবং ফকির গ্রুপের আলতাফ ফকির, সাগর ফকির, জেলহক ফকির, জিহাদ ফকির, শিমুল ফকির, জিয়ারুল ফকির, সাজেদা খাতুন, রাকিব ফকিরসহ অন্তত ২০ জন আহত হয়েছে। এদিন উভয় পক্ষের ধাওয়া পাল্টা ধাওয়ার সময় উভয় পক্ষের ১০ টি বাড়িঘর ভাংচুর করা হয়।
শাহজাদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাইফুল ইসলাম জানান, রবিবার সকালে তুচ্ছ ঘটনায় দুই পক্ষ সংঘর্ষে জড়ালে তাৎক্ষণিক ঘটনাস্থলে উপস্থিত হয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনি। পরে উভয় পক্ষের নেতাদের কাছ থেকে মারামারি করবেনা মর্মে মুচলেকা নিয়ে শান্ত করা হয়েছে।

নিজস্ব প্রতিবেদক। জনতার কণ্ঠ.কম 




















