নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলায় গাছের ডাল কাটার সময় বিদ্যুতের তার ছিঁড়ে পড়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে সৈয়দ আহাম্মদ খোকন (৫২) নামের এক বৃদ্ধের মর্মান্তিক মৃত্যু হয়েছে।
বুধবার (১২ নভেম্বর) বেলা পৌনে ১১টার দিকে উপজেলার ছয়ানী ইউনিয়নের ভবানী জীবনপুর গ্রামে এ দুর্ঘটনা ঘটে। নিহত খোকন একই ইউনিয়নের ৭নং ওয়ার্ডের লক্ষনপুর গ্রামের কচুর বাড়ির মৃত আবু বক্কর ছিদ্দিকের ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সকালে ভবানী জীবনপুর গ্রামের পণ্ডিত বাড়ির আব্দুল করিমের বিল্ডিংয়ের পাশে গাছের ডাল কাটছিলেন জায়গার মালিক। এ সময় পাশের রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছিলেন বৃদ্ধ সৈয়দ আহাম্মদ খোকন। হঠাৎ গাছের ডালে থাকা বিদ্যুতের তার ছিঁড়ে তার শরীরে পড়ে যায়। এতে তিনি ঘটনাস্থলেই মারা যান।
খবর পেয়ে বেগমগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে।
বেগমগঞ্জ থানার উপপরিদর্শক (এসআই) কুতুব উদ্দিন লিয়ন জানান, নিহতের পরিবার ময়নাতদন্ত ছাড়াই মরদেহ গ্রহণের জন্য জেলা ম্যাজিস্ট্রেটের কাছে আবেদন করেছে। হঠাৎ এ মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

মো. ইসমাইল হোসেন, নোয়াখালী ব্যুরো প্রধান। জনতার কণ্ঠ.কম 




















