লিঙ্গ পরিবর্তনের পর অবশেষে বাইশ গজে নামার আনুষ্ঠানিক ছাড়পত্র পেলেন অনয়া বাঙ্গার। ভারতের সাবেক ক্রিকেটার সঞ্জয় বাঙ্গারের এই পুত্র থেকে কন্যা হওয়া অনয়াকে নারীদের বিগ ব্যাশ লিগে (ডব্লিউবিবিএল) খেলার অনুমতি দিয়েছে ক্রিকেট অস্ট্রেলিয়া।
এবার তার লক্ষ্য, জাতীয় দলের জার্সি গায়ে জড়িয়ে ভারতকে বিশ্বকাপ ট্রফি উপহার দেওয়া। যদিও অনয়াকে খেলার অনুমতি দেয়নি ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই)। তবে অস্ট্রেলিয়ার ক্রিকেট বোর্ড সবুজসংকেত দেওয়ার পর নিজের অধরা স্বপ্নের কথা অকপটে প্রকাশ করেছেন অনয়া।
ইন্ডিয়া টুডে-কে দেওয়া সাক্ষাৎকারে তিনি আশাবাদ ব্যক্ত করে বলেন, ‘আমি আশা করব বিসিসিআই বিষয়টি গুরুত্ব দিয়ে দেখবে এবং একদিন ভারতের নারী দলে খেলার সুযোগ পাব। দেশের হয়ে বিশ্বকাপ জেতাই আমার চূড়ান্ত লক্ষ্য।’
তবে রূপান্তরিত হওয়ার পর বিসিসিআইয়ের মনোভাব তাকে গভীরভাবে ব্যথিত করেছে। ভারতীয় বোর্ডের সমালোচনা করে অনয়া বলেন, ‘বোর্ড শুরু থেকেই আমার প্রতি নীরব ছিল। এতে ভীষণ হতাশ হয়েছি, মন ভেঙে গেছে। জানতাম রূপান্তরিত হলে ক্রিকেট থেকে দূরে সরে যেতে হতে পারে। তবে আশা করি, এবার তারা আমাদের মতো ক্রিকেটারদের নিয়ে নতুন নীতি তৈরি করবে, কারণ ভারতে আমিই প্রথম।’

ক্রীড়া ডেস্ক। জনতার কণ্ঠ.কম 
























