সিরাজগঞ্জের তাড়াশে বাড়ির মালিককে কুপিয়ে জখম করে গরু লুট করে নিলে দুর্ধর্ষ ডাকাতদল।
শুক্রবার (১৪ নভেম্বর) ভোর রাত ৪টার দিকে তাড়াশ সদর ইউনিয়নের বৃ-পাচান গ্রামে এই ঘটনা ঘটে। গুরুতর আহত বাড়ির মালিক দুলাল হোসেনকে (৫০) সকালে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। তিনি বৃ-পাচান গ্রামের মৃত ফরজ আলীর ছেলে।
ভুক্তভোগী পরিবার ও স্থানীয়রা জানায়, এলাকাবাসী সূত্রে জানা যায়, শুক্রবার ভোররাতে দুলাল হোসেনের বাড়িতে মুখোশধারী সশস্ত্র ডাকাতদল হানা দেয়। তারা বাড়ির গেট ভেঙ্গে গোয়ালে তাকা শাহিয়াল জাতের একটি গাভী নেওয়ার চেষ্টা করে।
গৃহকর্তা দুলাল হোসেন টের পেয়ে ডাকাত ডাকাত বলে চিৎকার শুরু করলে, তাকে ধারালো অস্ত্র দিয়ে মাথায় সজোরে আঘাত করে পিকআপ ভ্যানে গরু নিয়ে দ্রুত পালিয়ে যায় ডাকাতদল। চিৎকারে স্থানীয়রা এসে মুমুর্ষ অবস্থায় দুলাল হোসেনকে উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়।
দুলালের ভাতিজা রিপন বলেন, তারা চাচার অবস্থা বেশ আশংকাজনক। মাথা ও কানে ৩৩ টা সেলাই পড়েছে।
তাড়াশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জিয়াউর রহমান বলেন, ডাকাতির বিষয়টি শুনেছি। তবে এ বিষয়ে থানায় এখনো কেউ অভিযোগ নিয়ে আসেনি। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।

তাড়াশ (সিরাজগঞ্জ) প্রতিনিধি। জনতার কণ্ঠ.কম 




















